কেরানীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর টিনের মসজিদ বেড়িবাঁধ এলাকায় স্থানীয় এলাকাবাসীর গণপিটুনিতে মো. আলাউদ্দিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ডাকাত গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে দুটি ট্রলারে করে প্রায় সাত-আটজনের একটি ডাকাত দল ওই এলাকায় আসে। তারা দেশীয় অস্ত্র নিয়ে বেড়িবাঁধ দিয়ে গ্রামে প্রবেশের সময় স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে গণপিটুনি শুরু করে। এ সময় পাঁচ-ছয়জন ডাকাত পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত এবং অপর এক ডাকাত গুরুতর আহত হন।কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।