কেরানীগঞ্জে গণপিটুনিতে নিহত ১
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন দাঁড়িপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর দাবি, লোকটি ডাকাত ছিল।গ্রামবাসী সূত্রে জানা গেছে, দাঁড়িপাড়া গ্রামের কৃষক খলিল মিয়ার বাড়িতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ থেকে ২২ জন ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতেরা কৃষকের ছেলে সালাউদ্দিন ও বাদলকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু বিক্রির ৩৫ হাজার টাকা লুটের চেষ্টা করে। বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতেরা সালাউদ্দিন ও বাদলকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁদের চিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদের একজন এলাকাবাসীর হাতে ধারা পড়ে এবং গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার সময় কৃষক খলিল মিয়া বাড়িতে ছিলেন না।কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেন, এটা ডাকাতির ঘটনা নয়। কয়েকজন চোর ওই বাড়িতে ঢুুকে গরু চুরি করার চেষ্টা চালায়। এলাকাবাসী একজনকে ধরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।