কেরানীগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে মো. সুমন (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। আজ সোমবার সকালে হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্পের সড়কে এ গণপিটুনির ঘটনা ঘটে।সুমনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে ওই এলাকায় জনৈক বাসিন্দা সাগরের বাড়ির গ্রিল কাটার সময় এলাকাবাসী সুমনকে ধাওয়া করে। পরে সুমনকে ধরে গণপিটুনি দিলে তিনি সেখানেই মারা যান। তবে সুমনের মা আকলিমা দাবি করেন, শুভাঢ্যা ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম তাঁর লোকজন দিয়ে ভোর ছয়টার দিকে সুমনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সেলিমের নেতৃত্বে কয়েকজন যুবক মাথার চুল কেটে দিয়ে সুমনকে মারধর করে। এ সময় সুমন অজ্ঞান হয়ে পড়লে তারা সুমনকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু সুমন যখন বাড়ি পৌঁছায় তখন তিনি মৃত ছিলেন। আকলিমার দাবি, ইউপি সদস্য সেলিম পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করেছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, চোর সন্দেহে এলাকাবাসী সেলিমের নেতৃত্বে সুমনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। পুলিশ সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা করছে।