কেরানীগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
কেরানীগঞ্জে গণপিটুনিতে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুই ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত দুজনের নাম আরজু (৩৫) ও মো.সিরাজুল ইসলাম। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পলাশপুর গ্রামে ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত দল ডাকাতি করতে যায়। এ সময় এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে সাতজনকে আটক করে। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়।এ সাত ডাকাত হলেন—শরাফুল আলী (২৭), আকতার হোসেন (৩০), আলম মিয়া (৩২), মামুন শামীম (২৪), আম্বর আলী (৪৫), বাবুল (২৪) ও আরজু। পুলিশ এঁদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় আরজু মারা যান।আজ দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীণ পলাশপুরের কাশবন থেকে অচেতন অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে পুলিশ। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সেখানে তিনি মারা যান।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ডাকাতদের ব্যবহূত একটি মাইক্রোবাস, দুটি চাকু ও একটি রামদা উদ্ধার করেছে।