কেরানীগঞ্জে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে কেরানীগঞ্জে একজন নিহত হয়েছেন। এতে আহত হন তিনজন। আজ মঙ্গলবার দুপুরে এক সৌদিপ্রবাসীর ২০ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার সময় উপজেলার রামেরকান্দা বোডিং মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ জানায়।গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত তিনজন হলেন, বাপ্পি (২৭), শরীফ (২৮) ও সোহেল (২৫)। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া গাড়ির চালক ইউসুফকে (২৮) পুলিশ আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।জানা গেছে, উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা গ্রামের সৌদিপ্রবাসী মজিবর মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০) ও তাঁর মা হাসিদা বেগম (৫০) দুপুর ১২টার দিকে কদমতলী ইসলামী ব্যাংকের সামনে থেকে ২০ লাখ টাকা সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। শাক্তা ইউনিয়নের প্রহরিভিটা একটি সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২৩-৪৮৭১) তাঁদের গতিরোধ করে। প্রাইভেট কার থেকে চারজন নেমে সোহাগ ও তাঁর মাকে মারধর করে ২০ লাখ টাকার ব্যাগটি লুট করে রুহিতপুরের দিকে রওনা দেয়।এ সময় সোহাগ মোবাইলে বিষয়টি রুহিতপুরে তাঁর আত্মীয়স্বজনকে জানান। সোহাগের আত্মীয়স্বজন ও এলাকাবাসী প্রায় দুই কিলোমিটার দূরের রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করে। পরে তাঁদের গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান জানান, এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন। আটক প্রাইভেটকারের চালক ইউসুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, গাড়িচালকের কাছ থেকে এক লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, বাকি টাকা গণপিটুনির সময় লোকজন নিয়ে গেছে।