কেরানীগঞ্জে গণহত্যায় জড়িত সরকারি দলের সাংসদের বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে তথ্য-প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। একাত্তরে কেরানীগঞ্জে গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের এক সাংসদের বাবা জড়িত ছিলেন বলে তদন্ত দলকে জানিয়েছেন এলাকাবাসী।গতকাল শনিবার কেরানীগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন ও এলাকাবাসীর বক্তব্য গ্রহণের পর তদন্ত দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ট্রাইব্যুনালের অপর দল ফরিদপুরের নগরকান্দা থেকে গত দুই দিনে মুক্তিযুদ্ধের সময়কার অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করে গতকাল ঢাকায় ফিরেছে।২০০৭ সালের ১৭ ডিসেম্বর কেরানীগঞ্জের আটিভাওয়াল গ্রামের মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামানসহ ১৩ জনকে আসামি করা হয়। পরে মামলাটি পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।ট্রাইব্যুনালের ছয় সদস্যের একটি তদন্ত দল গতকাল দুপুরে কেরানীগঞ্জে যুদ্ধাপরাধ সংঘটিত স্থানগুলো পরিদর্শন করে। এ দলে ছিলেন ট্রাইব্যুনালের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, জেয়াদ-আল মালুম, আলতাফ উদ্দিন আহমেদ ও মোকলেছুর রহমান এবং কর্মকর্তা আবদুর রাজ্জাক খান ও জেড এম আলতাফুর রহমান।তদন্ত দল প্রথমে কেরানীগঞ্জের খাটারচর শহীদনগরের খাটারচর সরকারি প্রাথমিক বিদ্যায়ের পেছনের গণকবর ও হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এরপর আশপাশের এলাকার প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের সাক্ষ্য নেওয়া হয়।খাটারচর-শহীদনগর এলাকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মীর নাজিমউদ্দিন তদন্ত দলকে বলেন, ‘পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাত থেকে বাঁচতে ’৭১-এর ২৫ নভেম্বর সকালে আমরা ২৫-৩০ জন একটি মসজিদে আশ্রয় নিই। কিন্তু হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় আমাদের মসজিদ থেকে টেনেহেঁচড়ে বের করে নিয়ে আসে। তারা আমার চোখে ও আমার বাবার হাতে গুলি করে। একপর্যায়ে আমার বড় ভাই জহির ও চাচাতো ভাই সালাহউদ্দিনকে গুলি করে হত্যা করে। হানাদার বাহিনী ওই দিন ৫৭ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।’খাটারচর এলাকার বাসিন্দা আলিকচান তদন্ত দলকে জানান, পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেন মিরপুরের সাংসদ আসলামুল হকের বাবা তৎকালীন মুসলিম লীগের নেতা এনায়েতুল হক।মামলার বাদী মোজাফফর আহমেদ খান বলেন, ‘আসলামুল হকের বাবা এনায়েতুল হক এখানকার রাজাকারদের নেতা ছিলেন। আমি নিজে দেখেছি, মতিউর রহমান নিজামী বা জামায়াতের অন্য নেতাদের এখানে থাকার কথা নয়। রাজাকার বাহিনীর নেতৃত্বে থাকায় তাঁদের হুকুমের আসামি করা হয়েছে।’এরপর আটিভাওয়াল উচ্চবিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ও নজরগঞ্জ গণকবর পরিদর্শনে যান তদন্ত দলের সদস্যরা। এ সময় পাশের রহমতপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. সামিউল্লাহ তদন্ত দলকে জানান, একাত্তরের ২ এপ্রিল ভোরে হানাদার বাহিনী কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় হানা দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে।পরে ট্রাইব্যুনালের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘একাত্তরে হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছি। ট্রাইব্যুনাল অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করছেন। অভিযুক্ত ব্যক্তিদের নিরপেক্ষভাবে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার করা হবে।’এদিকে ট্রাইব্যুনালের একটি দল গত বৃহস্পতি ও শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। তদন্ত দলটি নগরকান্দার কোদালীয়া ইউনিয়নের শহীদনগর, পুরাপাড়ার বাগাট, চর যশোরর্দির আসফরদি এবং বল্লভদির রায়ের বল্লভদী এলাকায় গণহত্যার জায়গা পরিদর্শন করে এসব গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য নিয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান তিন সদস্যের এ দলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন, পুলিশ পরিদর্শক নূর হোসেন ও মো. শাহজাহান।