কেরানীগঞ্জে গাড়ি ভাঙচুর, সাভারে আটক ১৪ (ভিডিও)
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহসহ দলের গ্রেপ্তার হওয়া অন্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জ, দোহার, ধামরাই, সাভার ও নবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বেলা ১১টা পর্যন্ত কেরানীগঞ্জের বিভিন্ন সড়কে হরতালকারীদের পিকেটিং ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।কেরানীগঞ্জ: সকাল ছয়টা থেকে হরতাল-সমর্থকেরা কেরানীগঞ্জের আঁটি জয়নগর সড়ক, নেকরজবাগ, তারানগর, ঘাঁটারচরসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ৫০টির বেশি গাড়ি ভাঙচুর করেন।বিএনপির কর্মীরা কেরানীগঞ্জের কোলামোড়া আঁটি সড়ক, হজরতপুর সড়ক, ঢাকা-নবাবগঞ্জ সড়কে কাঠের গুঁড়ি, লোহার পাইপ, বাঁশ ফেলে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। হরতালের কারণে ঢাকা-নবাবগঞ্জ, কেরানীগঞ্জের হজরতপুর-সাভারের হেমায়েতপুর সড়ক ও বুড়িগঙ্গা তৃতীয় সেতু দিয়ে (মোহাম্মদপুর-বছিলা) যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-মাওয়া মহাসড়কে তুলনামূলকভাবে যান চলাচল কম। সাভার: বেলা ১১টা পর্যন্ত সাভার পৌর এলাকা, আশুলিয়া, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা ঘুরে সেখানকার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম। ঢাকা থেকে সাভার হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গগামী কোনো গাড়ি চলাচল করছে না। হরতালের সমর্থনে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার আগেই পুলিশ আগুন নেভায়। রাত ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে পেট্রলসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নাশকতার প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।