কেরানীগঞ্জে গ্যাসের বিষক্রিয়ায় শতাধিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাসায়নিক কারখানায় ক্লোরিন গ্যাস সরবারহ লাইন থেকে ছড়িয়ে পড়া বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার সকালে গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানির ওই লাইনটিতে ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দমকল বাহিনীর ১৩ জন সদস্য রয়েছেন। অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ওই এলাকা থেকে কারখানাটি সরিয়ে নেওয়ার জন্য এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। ওই কারখানার অতিরিক্ত পরিকল্পনা ব্যবস্থাপক মিলন কৃষ্ণ বড়াল দাবি করেন, সকাল সাড়ে আটটার দিকে ক্লোরিন গ্যাস সরবরাহের পাইপটি ছিদ্র হয়ে গ্যাস নির্গত হয়। যেখানে ছিদ্র হয় সেখানে তিনচারজন শ্রমিক কাজ করছিল। পরে পাইপের ভাল্ব বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, সকাল আটটা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে ঘণ্টাখানেকের মধ্যে ছিদ্র হয়ে যাওয়া পাইপটি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ১৬-১৭ জন কর্মী অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে দুইজনের অবস্থা গুরুতর। মিজানুর রহমান আরও জানান, চার শতাংশ ক্লোরিন বাতাসের সঙ্গে মিশে গেলে তা মানুষের জীবনের জন্য ঝুঁকি হয়ে দাড়ায়। দুর্ঘটনার পরপরই কারখানার প্রশাসনের লোকজন কারখানায় থাকা শ্রমিক ও এলাকাবাসীকে না জানিয়ে সরে পরে। তাই এত লোক অসুস্থ হয়ে পড়ে। এছাড়া ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে বা রাসায়নিক পদার্থের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা মোকাবিলা করার মতো সরঞ্জাম ছিল না। রুহুল আমিন নামের এক এলাকাবাসী জানান, গ্যাস চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের বসতবাড়ির লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। শ’ খানেক লোক গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। ওই কারখানায় তিন-চার’শ শ্রমিক দিন-রাত পালাক্রমে কাজ করেন। কারাখানার প্রসেস অপারেটর হুমায়ুন কবির জানান, যে স্থানে পাইপটি ছিদ্র হয়ে যায় সেখানে ২৫ জন শ্রমিক কাজ করছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমরা অনেকই আক্রান্ত হয়েছি। বিষযটি তদন্ত করা হবে।’