কেরানীগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হামলায় বিএনপির শতাধিক কর্মী আহত
কেরানীগঞ্জে বিএনপির কর্মিসভায় ছাত্রলীগ-যুবলীগের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের সাতটি মোটরসাইকেল ও বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ শুক্রবার বিকেল চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির জিনজিরা কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির পূর্বঘোষিত আজ বেলা তিনটার কর্মিসভায় কদমতলী, চুনকুটিয়াসহ বেশ কয়েকটি স্থানের নেতা-কর্মীরা যোগদান করতে আসে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতে সভায় যোগদান করতে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে শতাধিক নেতা-কর্মী আহত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ওই হামলার তাত্ক্ষণিক নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের আচরণ কেবল আওয়ামী লীগের পক্ষেই করা সম্ভব।ঢাকা জেলা ছাত্রলীগের আহ্বায়ক এইচ এম আবিদ জানান, হামলার ঘটনায় ছাত্রলীগ বা যুবলীগের কেউ জড়িত নয়। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, হামলা বা ভাঙচুরের ব্যাপারে তিনি কিছুই জানেন না।১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি উপলক্ষে আজ এ কর্মিসভার আয়োজন করেছিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি।