কেরানীগঞ্জে ছাত্রলীগের নেতা হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের নেতা রেজ্জাকুর রহমান স্বপন হত্যার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। গত মঙ্গলবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্বপন নিহত হন। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে স্বপন তাঁর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে উপজেলার শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ের সামনে পাঁচ-সাতজন সন্ত্রাসীর হামলার শিকার হন। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন। তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্বপনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তিনি মারা যান।স্বপনের ছোট ভাই মমিনুর রহমান অভিযোগ করেন, পাঁচ-সাত বছর আগে স্থানীয় এক বিএনপি নেতার লোকজন হামলা চালিয়ে তাঁর ভাইকে হত্যার চেষ্টা করে। তারাই পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছে।এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে জানান, ছাত্রলীগের নেতা স্বপন হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। গতকাল দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্বপন হত্যার প্রতিবাদে গতকাল উপজেলা ছাত্রলীগের মিছিলটি কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের নেতা-কর্মীরা চুনকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। সভায় সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক মো. লিটন অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সারা দেশে ছাত্রলীগের নেতাদের হত্যা করছে। সভায় স্বপন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। গতকাল ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ শুভাঢ্যার পশ্চিমপাড়া এলাকায় স্বপনের বাড়িতে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে যান। তাঁরা এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।