কেরানীগঞ্জে ছয়টি আবাসন প্রকল্পের বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন আবাসন কোম্পানির বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদে রাজউকের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ছয়টি আবাসন প্রকল্পের বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা এলাকায় বালু নদ ভরাট করার দায়ে ফোর সিজনস হোল্ডিং লিমিটেডের বারিধারা রিভারসিটিকে ১৮ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নদী দখলে ব্যবহূত তিন লাখ ঘনফুট বালু, ছয় মেট্রিক টন টিন, লোহা, কাঠ, বাঁশ ও ইট জব্দ করা হয়।গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এইম মডেল টাউনের সাইনবোর্ড উচ্ছেদের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান শুরু করে।এরপর একই এলাকায় স্বপ্নধারা মডেল টাউনের দুটি সাইনবোর্ড ও মুজাহিদনগর মডেল টাউনের একটি সাইনবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়। ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়কের কাছে বুড়িগঙ্গা হাউজিং লিমিটেডের প্রস্তাবিত বুড়িগঙ্গা স্যাটেলাইট সিটির একটি বিশাল সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। রাজউকের উচ্ছেদকাজে সহায়তা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।দুপুর আড়াইটার দিকে কদমপুর এলাকায় বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানির (বিডিসি) সাউথ টাউন আবাসিক প্রকল্পের নিয়ন সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালে এ প্রকল্পের তত্ত্বাবধায়ক এসে বাধা দেন। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়াকে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কাগজপত্র দেখানো হয়। কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট বলেন, ২০০৬ সালে সুপ্রিম কোর্ট ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। হাইকোর্টের চলতি বছরের নির্দেশ অনুযায়ী, অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে।সাউথ টাউনের তত্ত্বাবধায়ক অমিত চন্দ্র পাইক সাংবাদিকদের জানান, হাইকোর্টে রিট আবেদন থাকায় বর্তমানে তাদের কোম্পানির জমি ভরাট ও বিক্রি বন্ধ রয়েছে।বিকেল চারটার দিকে ধলেশ্বরী নদীসংলগ্ন আবদুল্লাহপুরের চর গুলগুলিয়া এলাকায় ডেসটিনি কনফিগার হাউজিং লিমিটেডের ডেসটিনি সিলভার টাউনের বিশাল আকারের বিলবোর্ড উচ্ছেদ করা হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে অর্ধশত শ্রমিক প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিলবোর্ডটি উচ্ছেদ করে।উচ্ছেদকাজে অংশ নেন রাজউকের উপপরিচালক মোর্শেদা বানু, অনুমোদনকারী কর্মকর্তা আমিনুর রহমান, সহকারী কর্মকর্তা সেগুপ্তা শারমিন, ইমারত পরিদর্শক নজরুল আলম প্রমুখ।নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিলবোর্ড, সাইনবোর্ডসহ বিজ্ঞাপনের স্থাপনাগুলো ২১ জুন থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৮ জুলাই পর্যন্ত চলবে।রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। তাঁকে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানকারী দল সরেজমিনে তদন্ত করে দেখে, বারিধারা রিভারসিটি প্রকল্পের নামে বালু নদের ১৬০ন্১২৫ বর্গফুট স্থানে ১৫ ফুট গভীরতায় বালু ফেলে অবৈধভাবে দখল করা হয়েছে। প্রকল্প এলাকাকে নদীর পানি থেকে রক্ষার জন্য চারপাশে শক্ত টিন ও বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এর মাঝখানে কিছু খুঁটিও দেওয়া হয়েছে। ফলে ওই স্থানে নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।অভিযানের পরপরই নদী দখল ও ভরাটের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের নিয়ে বালু নদের তীরে সচেতনতা সভা করে অভিযানকারী দল। নির্বিচারে নদী দখল ও দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয় সভায়। উপস্থিত জনগণ বালু নদ দূষণ ও দখলের কবল থেকে রক্ষায় পরিবেশ অধিদপ্তরের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। সভায় স্থানীয় সমাজসেবক আবদুর রশিদ (৫৮) জানান, ২০ বছর আগেও বালু নদ ৪০০-৫০০ ফুট প্রশস্ত ছিল। কিন্তু দখল ও ভরাটের কারণে বর্তমানে তা ২০০-২৫০ ফুটে নেমে এসেছে।