কেরানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বক্তারচর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে আয়নাল (৫০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয় ৫০ জন। জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বক্তারচর গ্রামে ফসলি জমি নিয়ে স্থানীয় শাহজালালের পরিবারের সঙ্গে একই গ্রামের নওয়াব আলীর পরিবারের অনেক দিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে জমির মালিকানা দাবি করে দুই পক্ষ ওই জমিতে অবস্থান নেয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষে আয়নাল গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আয়নালের মামাতো ভাই হান্নান মিয়ার দাবি, শাহজালালের সমর্থকদের হামলায় তাঁর ভাই মারা গেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আয়নাল নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।