কেরানীগঞ্জে জালনোটসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১
দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা আবাসিক প্রকল্প এলাকার একটি বাড়ি থেকে পুলিশ প্রায় তিন লাখ টাকার জালনোটসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। গতকাল বুধবার দিবাগত রাতের এ ঘটনায় জড়িত কাওসার হামিদ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্প এলাকায় হাজি নূর আহমেদের বাড়ির ভাড়াটিয়া কাওসার হামিদের (৩৩) বাসায় পুলিশ অভিযান চালায়। এ সময় ১০০০, ৫০০ ও ১০০ টাকার সমমানের প্রায় তিন লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। এ ছাড়া কম্পিউটার, একটি প্রিন্টার, নকল টাকা তৈরির কেমিক্যাল, কাগজসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে কাওসার বাড়ি ভাড়া নিয়ে কারখানা বানিয়ে জাল টাকা তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।