কেরানীগঞ্জে ট্রাকের চাপায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে আজ রোববার দুপুরে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ রাসেল (২৬)। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের চুনপটিয়ায়। দুর্ঘটনায় নিহত অপর দুই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে ওই পাঁচ ব্যক্তি অটোরিকশাযোগে আবদুল্লাহপুর থেকে পোস্তগোলায় যাচ্ছিলেন। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকার কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।