কেরানীগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলায় গত বুধবার গভীর রাতে পৃথক দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের গুলি ও হামলায় চারজন আহত হন। আহত ব্যক্তিদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর হাটখোলা গ্রামে ব্যবসায়ী খবির হোসেনের বাড়িতে প্রায় ৩০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রথমে ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ইলেকট্রিক ব্যবসায়ী বাবু সরকারের ফ্ল্যাটে হানা দেয়। দরজা ভেঙে আট-নয় জন ডাকাত ওই ঘরে প্রবেশ করে।বাবু সরকার জানান, তাঁদের বাড়িটি ২৫-৩০ জন ডাকাত ঘিরে ফেলে। এর মধ্যে কয়েকজন ছিল মুখোশধারী। ডাকাতরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্ত্রী সম্পা সরকার (২১) ও এক বছরের শিশু অর্ণবকে জিম্মি করে ফেলে। এ সময় তারা ঘরের স্টিলের আলমারি ভেঙে ২২ ভরি স্বর্ণালংকার, ৬০ ভরি রুপা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। বাবু দাবি করেন, ডাকাতরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এরপর ডাকাত দল বাড়ির মালিক খবির হোসেনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। হজ উপলক্ষে খবির হোসেন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর মেয়ে নাহিদা আক্তার জানান, ডাকাতরা তাঁদের শোবারকক্ষে ঢুকে মা শাহানা বেগম (৩৫) ও বড় ভাই ইমরান হোসেনের (২০) মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় বড় বোন অ্যানিকেও (১৮) মারধর করা হয়। একপর্যায়ে ডাকাতরা তাঁদের কাঠের আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন ও নগদ প্রায় তিন লাখ টাকা নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিত্কার করলে খবিরের শ্যালক নুর মোহাম্মদ এগিয়ে যান। ডাকাতরা নুর মোহাম্মদের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।আহত শাহানা বেগম, তাঁর ছেলে ইমরান ও ভাই নুর মোহাম্মদকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ী খবিরের ভাই তেঘরিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাজি নুর হোসেনের দাবি, তাঁর ভাইয়ের বাসা থেকে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।একই রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা এলাকায় সার্জিকেল ব্যবসায়ী ইয়াসিন উদ্দিন আহমেদের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ইয়াসিন উদ্দিন জানান, রাত তিনটার দিকে ১৪-১৫ জন সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে। এ সময় তাঁর স্ত্রী শাহানাজ বেগমকে (৩০) অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়। একপর্যায়ে ডাকাতরা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খান বলেন, ‘ডাকাতির ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি।’