অ্যানথ্রাক্স সংক্রমণের আতঙ্কে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গরুর দুধের বিক্রি কমে গেছে। পাশাপাশি দুধের দাম এক সপ্তাহের ব্যবধানে লিটারপ্রতি ৩৫-৪০ টাকা থেকে ১৮-২০ টাকায় নেমে এসেছে। এতে বিপাকে পড়েছেন সেখানকার খামারি ও দুধ ব্যবসায়ীরা।তবে কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মো. আবু রেজা তালুকদার নিশ্চিত করেছেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই উপজেলায় অ্যানথ্রাক্স-আক্রান্ত কোনো গরু শনাক্ত হয়নি।গতকাল সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, শতাধিক দুধ ব্যবসায়ী তাঁদের খামারে উৎপাদিত গরুর দুধ নিয়ে বসে আছেন। ক্রেতা কম থাকায় অনেকে রাজধানীর বাজারগুলোতে গিয়ে বিক্রির জন্য ভ্যান, পিকআপ ও রিকশা ভাড়া করে দুধ নিয়ে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে লোকসানে দুধ বিক্রি করেছেন।উপজেলার কাঁঠালতলী এলাকার খামারি বাচ্চু মিয়া বললেন, ‘কী অসুক আইছে দ্যাশে, দুধ খাইলে বুলে মানুষ মইরা যাইব। সকাল থেকা বয়া আছি। কিন্তু এ পুয্যন্ত কেউ দুধ কিনবার আহে নাই।’ তিনি জানান, পাঁচ সদস্যের সংসারে আয়ের একমাত্র উৎস দুটি গাভির পাঁচ লিটার দুধ। গত সপ্তাহে পাঁচ লিটার দুধ বিক্রি করেছিলেন ২২৫ টাকায়। কিন্তু গতকাল তিনি পাঁচ লিটার দুধের দাম পেয়েছেন মাত্র ৯০ টাকা। অ্যানথ্রাক্স-আতঙ্কে ক্রেতা কমে যাওয়ায় বাধ্য হয়ে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি।আটি পাঁচদোনা এলাকার গরুর খামারের মালিক মো. শ্যামল জানান, তাঁদের খামারে ৬৫টি গরু আছে। প্রতিদিন ১২-১৩ মণ দুধ হয়। গত সপ্তাহে তিনি প্রতি লিটার দুধ বিক্রি করেছেন ৩৫ টাকায়। কিন্তু তিন দিন ধরে আটিবাজারে ১৮-২০ টাকা দরে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে। তাই বাধ্য হয়ে তিনি নবাবগঞ্জের বাজারে বিক্রির জন্য দুধ নিয়ে যাচ্ছেন।সিরাজনগর এলাকার খামারি রমজান আলী জানান, তাঁর দুটি গাভি প্রতিদিন পাঁচ-ছয় লিটার দুধ দেয়। তা বিক্রি করেই তিনি সংসার চালান। আগে প্রতিদিন ২৩০ থেকে ২৫০ টাকার দুধ বিক্রি করতেন তিনি। ৭০ টাকায় গরুর খাবার কেনার পর বাকি টাকা সংসারের জন্য খরচ করতেন। কিন্তু গতকাল তিনি পাঁচ লিটার দুধ বিক্রি করেছেন মাত্র ১০০ টাকায়। তিনি বলেন, ‘এই টাকা দিয়ে সংসারের খাবার কিনব, না গরুর খাবার কিনব, চিন্তায় আছি।’নিমতলী এলাকার গরুর খামারের মালিক মনির হোসেন জানান, তাঁদের খামারে ১৮টি গরু আছে। প্রতিদিন দুই বেলায় কমপক্ষে পাঁচ মণ দুধ উৎপাদিত হয়। ১৮টি গরুর খাবারের খরচের হিসাব ধরলে প্রতি লিটার দুধের দাম পড়ে ৩২ টাকা। অ্যানথ্রাক্স-আতঙ্কে মাসখানেক ধরে দুধের ক্রেতা কমে গেছে। গত সপ্তাহেও তাঁরা ৩৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করেছেন। অথচ দুই দিন ধরে ক্রেতারা ২০ টাকার বেশি দাম দিচ্ছে না।এদিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার প্রায় পাঁচ হাজার গবাদিপশুকে অ্যানথ্রাক্সের প্রতিষেধক দেওয়া হয়েছে।