কেরানীগঞ্জে দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
কেরানীগঞ্জের শাক্তা নতুন ভাড়ালিয়া সড়কে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মিটফোর্ড হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে নতুন ভাড়ালিয়া সড়কে একটি অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আওলাদ (৪০) ও তাঁর মা রহিমা খাতুন (৬৮) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালক আবদুল্লাহ (৪৫) ও নিহত আওলাদের স্ত্রী কণা বেগমসহ (৩০) চারজন আহত হন। নিহত আওলাদ শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজের জামাতা। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা অবরোধ ও মিনিবাসটি আটকের পর ভাঙচুর করেছে। এ সময় মিনিবাসটির সহযোগী পালিয়ে গেলেও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মিনিবাসের চালক হায়দারকে আটক করা হয়েছে।