কেরানীগঞ্জে নানি-নাতিকে কুপিয়ে হত্যা
রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের মাদারীপুরে এক গৃহবধূ ও তাঁর চার বছরের নাতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সাড়ে চার বছরের অপর নাতিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রাত নয়টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। রাতে নিহত গৃহবধূর স্বামী ঘরে ফিরে রক্তাক্ত অবস্থায় তাঁদের দেখতে পান।নিহত গৃহবধূ শাহিদা বেগম (৪৫) ও তাঁর নাতি আহাদের (৪) শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অপর নাতি সাড়ে চার বছরের সালমানকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, শাহিদা বেগমের স্বামী মো. ইসমাঈল ঢাকা সিটি করপোরেশনের কর্মচারী। ওই বাড়িতে ইসমাঈল ও তাঁর ছেলে সেলিম (সালমানের বাবা) থাকতেন। ইসমাঈল-শাহিদা দম্পতির মেয়ে আশার ছেলে আহাদ। আশা তাঁর স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে মাদারীপুর গ্রামেই থাকতেন। গত রোববার আহাদ নানাবাড়িতে বেড়াতে আসে। আর সালমানের বাবা সেলিম সকালে বাসা থেকে বের হয়ে যান। তিনি সাভারে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সেলিমের স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় বাবার বাড়িতে থাকছেন।ইসমাঈল প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে কাজে যান। রাত নয়টার দিকে বাসায় ফিরে দেখেন, প্রধান ফটকে তালা। ফুটো দিয়ে উঁকি মেরে দেখতে পান, ভেতরে ঘরের দরজায়ও তালা। অনেক ডাকাডাকিতেও সাড়া মেলেনি। এরপর তিনি দেয়াল টপকে বাসার ভেতরে ঢোকেন। শেষে ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন, প্রথম ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আহাদ। পাশের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শাহিদা ও সালমান। তখনো সালমান জীবিত আর বাকি দুজন নিষ্প্রাণ। দুটো ঘরের মেঝেই রক্তে ভেজা।মাদারীপুর গ্রামের মূল সড়ক থেকে তিন মিনিটের গলিপথ পেরোলেই ইসমাঈলের আধাপাকা টিনশেড বাড়ি। তাঁর বাড়ির সঙ্গে লাগোয়া আরও অনেক বাড়ি। তবুও প্রতিবেশীরা অস্বাভাবিক কোনো কিছু দেখেননি বা শোনেননি বলে জানিয়েছেন।প্রতিবেশী আবদুর রহিম জানান, দিনে তিনি বা তাঁর বাড়ির কেউই ওই বাড়ি থেকে কোনো চিৎকার বা চেঁচামেচির শব্দ শোনেননি। রাতে ইসমাঈল বাসায় ফিরে চিৎকার শুরু করলে তাঁরা এগিয়ে যান।কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কী কারণে এভাবে একজন নারী ও একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হলো, তা স্পষ্ট নয়। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। ঘটনাটি সন্ধ্যার আগে কোনো এক সময় হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ গোসলখানা থেকে ব্যাগ দিয়ে পেঁচানো অবস্থায় দুটি রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে।ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, গতকাল রাতে শিশু সালমানকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীর ছিল রক্তে ভেজা। তার কপালের কোণ ছিল থেঁতলানো।