কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে একজন নিহত
কেরানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে (ক্রসফায়ার) পল্টি জুয়েল (২৮) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় পারগেন্ডারিয়া অফিস মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হারুন-উর-রশিদ জানান, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, সন্ত্রাসী পল্টি জুয়েল তাঁর চার-পাঁচজন সহযোগী নিয়ে পারগেন্ডারিয়া আফিস মাঠে বৈঠক করছেন। তখন র্যাবের সদস্যরা ওই এলাকায় গিয়ে অফিস মাঠ ঘিরে ফেলেন।এ সময় জুয়েলসহ তাঁর সহযোগীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। র্যাবের সদস্যরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জুয়েলের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।পারগেন্ডারিয়া অফিস মাঠ এলাকার বাসিন্দা সিএনজিচালক রাজু (২২) বলেন, ‘সন্ধ্যার সময় কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, জুয়েল নামের এক লোক গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।’দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পল্টি জুয়েল একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর নামে চাঁদাবাজি, হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।