কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ
দক্ষিণ কেরানীগঞ্জে ব্যক্তিমালিকানার জমিতে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। তেঘরিয়া মৌজা জমি রক্ষা মালিক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় তেঘরিয়া বাজারে এই বিক্ষোভ হয়। এতে শতাধিক জমি মালিক অংশ নেন।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জমি রক্ষা মালিক সমিতির আহ্বায়ক মো. মতিউর রহমান তালুকদার। সভায় জমির মালিক আবদুল মতিন আকন্দ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমাদের ব্যক্তিমালিকানার জমি জোর করে দখলের চেষ্টা করছে। যেভাবেই হোক, আমাদের জমি রক্ষা করতে হবে।’জমি মালিক ও ঢাকা জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বসুন্ধরার গ্রাস থেকে আমাদের জমি রক্ষা করতে হবে। বসুন্ধরা গ্রুপের মালিক পরের জমি জবরদখল করে টাকার পাহাড় গড়েছেন। এঁদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’ ঢাকা সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইয়াহিয়া মাহমুদও তেঘরিয়া এলাকার কিছু জমির মালিক। সভায় তিনি বলেন, ‘১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি, ভূমিদস্যুদের হাত থেকে জমি রক্ষা করতে হলে আমাদের আরেকবার যুদ্ধ করতে হবে।’ বসুন্ধরা গ্রুপকে ভূমিদস্যু হিসেবে এখন দেশের মানুষ চেনে ও জানে উল্লেখ করে মতিউর রহমান তালুকদার বলেন, ‘বসুন্ধরা গ্রুপ অন্যায়ভাবে আমাদের ব্যক্তিমালিকানাধীন জমি দখল করতে চাইছে। বসুন্ধরা মনে করছে পুরো দেশটাই যেন তার। যেকোনো মূল্যে বসুন্ধরার কবল থেকে আমাদের জমি রক্ষা করতে হবে।’ মতিউর রহমান জানান, এ পর্যন্ত অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বসুন্ধরার গ্রাস থেকে জমি রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. জাকির হোসেন, শাহিন রহমান, ফরহাদ উদ্দিন মোল্লা, আবু সাঈদ খান প্রমুখ। সভাশেষে জমির মালিকেরা বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে তেঘরিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।