ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া মৌজায় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মৌজা জমির মালিক কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সমিতির নেতারা এ অভিযোগ করেন। সভায় দুই শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন।সভায় চুনকুটিয়া মৌজা জমির মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন বলেন, ‘এ পর্যন্ত আমরা জমির মালিকদের নিয়ে ৫৩ বার সভা করেছি। আর বসুন্ধরার মালিকসহ তাঁদের কর্মকর্তাদের সঙ্গে চার দফা বৈঠক হয়েছে। বসুন্ধরা কর্তৃপক্ষের সরবরাহ করা নকশায় তারা ৯৪১, ৪৯৪২, ৯৩৮, ৯২৪, ১০৫৮ দাগের জমি নিজেদের বলে দাবি করছে। অথচ এসব জমি ব্যক্তিমালিকানাধীন। তাই বসুন্ধরা জাল দলিলের মাধ্যমে ওই জায়গা দখলের চেষ্টা করছে। আগামীকাল (আজ শনিবার) বেলা ১১টায় বসুন্ধরার লোকজনের সঙ্গে এসব দাগের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনায় বসব। ব্যক্তিমালিকানার জায়গা ভুয়া দলিলের মাধ্যমে দাবি করলে পাঁচ শতাধিক জমির মালিক বসুন্ধরার বিরুদ্ধে আন্দোলনে যাবে।’সমিতির অর্থ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা বলেন, ‘বসুন্ধরা কর্তৃপক্ষ প্রভাব খাটিয়ে জাল দলিল করে ৯৪১ দাগের জমি দখল করতে চেষ্টা করছে। অথচ ওই জমির প্রকৃত মালিক দুলাল বেপারী। বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করছে। জাল দলিল দেখিয়ে আমাদের প্রকৃত জমির মালিকদের জায়গা দখলের পাঁয়তারা করছে।’ সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদের জমি কেনার জন্য বিভিন্ন জায়গার মালিকদের কাছে ধরনা দিচ্ছে।’ তিনি সব জমির মালিককে একত্র হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বসুন্ধরা যাতে ভুয়া দলিলের মাধ্যমে জমি না নিতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জমির মালিক মো. রিপনের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘চুনকুটিয়া মৌজায় ৮২৭ নম্বর দাগে আমাদের দেড় শতাংশ জমি রয়েছে। বহু কষ্টে এ জমির টাকা পরিশোধ করি। এখন বসুন্ধরা সেটা ভরাট করেছে। চিন্তায় আছি, কখন জানি বসুন্ধরার লোকজন দাবি করে এ জমি তাদের।’সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা মো. মাসুদ, সহ-সম্পাদক শাহজাহান মিয়া, তাঈম আহমেদ, মিজানুর রহমান।