কেরানীগঞ্জে বসুন্ধরার কর্মচারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের পাথর ভাঙা নিয়ে আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জে বসুন্ধরার কর্মচারীদের সঙ্গে আইন্তা এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর বসুন্ধরার কর্মচারীরা স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের পাথর ভাঙার কাজ নিয়ে আইন্তা গ্রামের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বসুন্ধরা গ্রুপের দুই শতাধিক লোক লাঠিসোটা নিয়ে আইন্তা বাজার এলাকায় হামলা চালায়। তারা কোণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। উভয় পক্ষের মারামারির ঘটনার জের ধরে বসুন্ধরা গ্রুপের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে করে আইন্তা এলাকার বাসিন্দারা। এ হামলায় আইন্তা এলাকার মো. সাইদুর রহমান, হায়াত আলী, সাগর, উজ্জ্বলসহ ছয়জন আহত হন। অন্যদিকে বসুন্ধরা গ্রুপের চারজন কর্মচারী আহত হয়েছেন।আইন্তা এলাকার বাসিন্দা মো. সাইদুর রহমান বলেন, ‘রিভারভিউ প্রকল্পের পাথর ভাঙা নিয়ে বসুন্ধরা গ্রুপের কর্মচারীদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় বসুন্ধরার কর্মচারীরা আমার গলা থেকে আধা ভরির সোনার চেইন ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে গেছে।’এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করে বসুন্ধরার গ্রুপের কাউকেই পাওয়া যায়নি।কোণ্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ বলেন, ‘বসুন্ধরার রিভারভিউ প্রকল্পের পাথর ভাঙা নিয়ে ওই গ্রুপের কর্মচারীদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের পর অহেতুক বসুন্ধরার কর্মচারীরা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।’এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের পাথর ভাঙাকে কেন্দ্র করে কেরানীগঞ্জের আইন্তা গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে বসুন্ধরা গ্রুপের লোকজন আইন্তা বাজারে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন।