কেরানীগঞ্জে বসুন্ধরার বিরুদ্ধে জমির মালিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া মৌজার জমির মালিকেরা গতকাল শুক্রবার বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। ‘তেঘরিয়া মৌজাস্থ জমি রক্ষা মালিক সমিতি’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিল শেষে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে বসুন্ধরার লোকজন জোর করে তেঘরিয়ার জলাধার ও কৃষিজমি ভরাট করে দখল করছে বলে উল্লেখ করা হয়েছে।ক্ষতিগ্রস্ত জমির দুই শতাধিক মালিক গতকাল সকাল নয়টার দিকে তেঘরিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন বাজারে প্রতিবাদ সভায় জড়ো হন। এতে সভাপতির ভাষণে তেঘরিয়া মৌজার জমি মালিক সমিতির আহ্বায়ক মো. মতিউর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ জমির মালিকদের কাছ থেকে কোনো রকম অনুমতি ও আলাপ-আলোচনা না করে সম্পূর্ণ অবৈধভাবে জমি ভরাট করছে। তারা ক্ষুদ্র চাষি ও ক্রেতাদের জমি ভরাট করে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে।সমাবেশে জমি রক্ষা সমিতির যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদিন বলেন, বসুন্ধরাকে বারবার নিষেধ করলেও তারা পাঁচটি ড্রেজার দিয়ে মাটি ফেলছে। তারা যেভাবে ব্যক্তিমালিকানাধীন জমি ভরাট করছে, তাতে আগামী ১০ বছরে কেরানীগঞ্জে কোনো কৃষিজমি থাকবে না।জমি রক্ষা সমিতির সদস্য মো. সানাউল্লাহ্ বলেন, তেঘরিয়া মৌজায় শত শত একর কৃষিজমি রক্ষার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন তেঘরিয়ার আবদুল বারেক, আবদুল মতিন, হাজি মো. দেলোয়ার হোসেন, আইনজীবী দেলোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, হাফেজ মো. নেছার উদ্দিন, মো. কোরবান আলী, মো. আবু সাইদ প্রমুখ।এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েক দিন আগে থেকে বালু ফেলা বন্ধ করে দেওয়া হয়েছে। জমির মালিকদের স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে ওসি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।