ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া মৌজার ব্যক্তিমালিকানার জমি অবৈধভাবে বিক্রি করার অভিযোগে জমির মালিকেরা গতকাল শুক্রবার বসুন্ধরার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির উদ্যোগে দুপুর ১২টার দিকে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আ. রাজ্জাক।সভায় বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন বলেন, ‘বসুন্ধরা সিটি ভিউ নামে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ১৫ দিন ধরে বসুন্ধরা আমাদের ব্যক্তিমালিকানাধীন জমি অবৈধভাবে বিক্রি করছে।’শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, কিছু ভূমিদস্যু জাল দলিলের মাধ্যমে বসুন্ধরার কাছে এখানকার জমি বিক্রি করেছে। এমনকি কবরস্থান পর্যন্ত বাদ যায়নি।সমিতির সহ-সাধারণ সম্পাদক এম এ লতিফ বারি বলেন, ‘অবৈধভাবে দখল করা জমি বসুন্ধরা আমাদের ফেরত দিচ্ছে না। আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে শুধু কালক্ষেপণ করছে। রোববার বসুন্ধরার সঙ্গে আমাদের বৈঠক হবে। তাতে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।’সভায় আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মো. মাসুদ, শহিদুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।প্রতিবাদ সভা শেষে তিন শতাধিক জমিমালিক খেজুরবাগ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।