কেরানীগঞ্জে বসুন্ধরার বিরুদ্ধে ২৯৬ জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি নিম্ন স্বাক্ষরকারী হাজী মো. আনোয়ার হোসেন মুন্সী, পিতা মৃত ফজল করিম মুন্সী, সাং ১ নম্বর শুকলাল দাস লেন, সূত্রাপুর, ঢাকা-১১০০। ...থানায় হাজির হইয়া জানাইতেছি যে, আপনার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মৌজা চুনকুটিয়াস্থ সিএস ৮৯৭, এসএ ৮৩৯, আরএস ৪৭৯, ৯২০ দাগে ১৬ শতাংশ নাল জমির আমি ক্রয়সূত্রে মালিক ও ভোগদখলে আছি। ...বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম যে, কে বা কারা আমার উক্ত ভূমিতে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করিতেছে। আমি সরেজমিনে আসিয়া সংশ্লিষ্ট ড্রেজারের লোকজনকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম যে, বসুন্ধরা হাউজিং কর্তৃপক্ষ আমার জমিতে বালু ভরাট কাজ করিতেছে। আমি উক্ত বেআইনি কাজে বাধা প্রদান করিলেও লোকজন আমার বাধা অগ্রাহ্য করিয়া বালু ভরাট কাজ চালাইয়া যাইতেছে। ...আপনার থানায় সাধারণ ডায়েরিভুক্ত করিয়া বাধিত করিতে আপনার একান্ত মর্জি হয়।’মো. আনোয়ার হোসেনের এই আবেদনটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) হয় গত বছরের ৭ নভেম্বর। তিনিসহ এমন ২৯৬ জন ক্ষতিগ্রস্ত মানুষ নিজের জমি রক্ষায় এই থানায় জিডি করেছেন।একই রকম অভিযোগে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই থানায় এত বিপুলসংখ্যক জিডি দায়েরের ঘটনা খোদ পুলিশ কর্মকর্তাদের কাছে নজিরবিহীন। তবে স্থানীয় পুলিশ এখন পর্যন্ত এত বিপুলসংখ্যক মানুষের সহায়-সম্পদ রক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দের সঙ্গে গত কয়েক মাসে এই বিষয়ে এ প্রতিবেদকের কয়েক দফা কথা হয়। সর্বশেষ গত শনিবার তিনি প্রথম আলোকে বলেন, বসুন্ধরার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে তাঁর থানায় দুই শতাধিক জিডি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং প্রতিটি জিডির তদন্ত করেছে। তদন্তে বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, ‘বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি।’ক্ষতিগ্রস্ত জমি-মালিকেরা কোনো প্রতিকার পেয়েছেন কি না—জানতে চাইলে ওসি নীলোৎপল দে বলেন, ‘জমি-মালিকদের মামলা করতে বলেছি, কিন্তু কেউ মামলা করছেন না। তাই পুলিশও কোনো ব্যবস্থা নিতে পারেনি।’ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার বলেন, কোনো অভিযোগকারী না থাকলে সে ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করে থাকে। এ ক্ষেত্রে জমি-মালিকেরা আছেন। তাঁরা যদি মামলা করতে চান, অবশ্যই পুলিশ তা গ্রহণ করবে। টেলিফোনে যোগাযোগ করা হলে বসুন্ধরা গ্রুপের আবাসন কোম্পানি ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট প্রকল্পের কেরানীগঞ্জের চুনকুটিয়া খেজুরবাগ অংশের দায়িত্বে নিয়োজিত উপমহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘এসব জিডি বা অভিযোগের কোনো ভিত্তি নেই। বসুন্ধরা কারও জমি দখল করেনি। আমরা আমাদের জায়গায় আছি, তাঁদের (অভিযোগকারী) জায়গা আলাদা।’ভুক্তভোগীদের কথা: রানী আক্তার নামের একজন বলেন, ‘অনেক কষ্টে দেড় শতাংশ জমি কিনেছি। বসুন্ধরা সেই জমি ভরাট করে নিয়ে নিয়েছে। থানায় জিডি করেছি, কিন্তু পুলিশ তদন্ত করতে আসেনি।’আরেক ক্ষতিগ্রস্ত মহব্বত আলী প্রথম আলোকে বলেন, পুলিশের সামনেই বসুন্ধরা অবৈধভাবে মাটি ভরাট করেছে। তারা কোনো ব্যবস্থা নেয়নি।রাহেলা বেগম অভিযোগ করেন, তাঁর আট শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশ জমি ভরাট করে নিয়েছে বসুন্ধরা। থানায় মামলা করতে গেলে পুলিশ জিডি নিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, ‘এখন উল্টো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’সম্প্রতি দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের অদূরে চুনকুটিয়া মৌজায় বিশাল এলাকাজুড়ে বসুন্ধরা মাটি ভরাট করে রেখেছে। তবে প্রকল্পের কোনো সাইনবোর্ড নেই।ভুক্তভোগীরা দাবি করেন, ছোট ছোট এই জমির মালিকেরা থানায় পৃথক জিডি করেও কোনো প্রতিকার পাননি। ফলে জমি ও জীবন রক্ষার জন্য তাঁরা ‘কেরানীগঞ্জ চুনকুটিয়া মৌজার জমির মালিক কল্যাণ সমিতি’ গঠন করে ঐক্যবদ্ধ হন। প্রায় প্রতি শুক্রবার সমিতির উদ্যোগে এলাকায় সভা-সমাবেশ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন গত শুক্রবার বলেন, ‘সমিতির ৪৪৩ জন সদস্যের জমির কাগজপত্র পরীক্ষা ও যাচাই-বাছাই করেছি। আমাদের মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই। এ পর্যন্ত বসুন্ধরার বিরুদ্ধে ৫৯টি সভা করেছি। সাতবার বসুন্ধরার সঙ্গে বৈঠকও করেছি।’শুক্রবারের সভায় লোকমান হোসেন বলেন, চুনকুটিয়া মৌজার প্রায় ৬০০ বিঘা জমির মধ্যে বসুন্ধরা গ্রুপের রয়েছে প্রায় ৬০ বিঘা জমি। কিন্তু বসুন্ধরা আরও ৭০ বিঘা জমি নিজেদের বলে দাবি করছে। তবে তাদের প্রকল্পের নকশায় ১২৩ বিঘা জমি দেখানো হয়েছে। কিন্তু তারা মাটি ভরাট করেছে প্রায় ৫০০ বিঘা। এসব জমির মালিক সাধারণ মানুষ।লোকমান হোসেন দাবি করেন, নিজেরা সংগঠিত হতে সমিতির কার্যালয় নির্মাণের কাজ শুরু করলে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নাজিমউদ্দীন তাঁর লোকজন দিয়ে একাধিকবার বাধা দিয়েছেন। প্রসঙ্গত, নাজিম এখন কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আছেন।লোকমান হোসেন প্রথম আলোকে জানান, তাঁর নিজের দুই বিঘা জমি ভরাট করে নিয়েছে বসুন্ধরা। তিনিও থানায় জিডি করেছেন।বসুন্ধরার সঙ্গে বৈঠক: সমিতির নেতারা জানান, জমি ফেরত পেতে তাঁরা এ পর্যন্ত বসুন্ধরার সঙ্গে সাতটি বৈঠক করেছেন। এর মধ্যে তিনটি বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম উপস্থিত ছিলেন। এসব বৈঠকে দলিলপত্র পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হয়। সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে জানান, বসুন্ধরা কর্তৃপক্ষ একবার প্রস্তাব করেছে, যাঁদের জমি ভরাট হয়ে গেছে, প্রকল্প হলে তাঁদের মোট জমির শতকরা ৩৩ ভাগ ফেরত দেওয়া হবে। বাকি ৬৭ শতাংশ বসুন্ধরা নেবে। কিন্তু এ প্রস্তাবে জমি-মালিকেরা রাজি হননি। এরপর আরেক বৈঠকে প্রস্তাব করা হয়, বসুন্ধরা কর্তৃপক্ষ খেজুরবাগ সড়ক এলাকার জায়গা নিয়ে এখানকার জমি-মালিকদের সমপরিমাণ জায়গা ঢাকা-মাওয়া সড়কের পাশে ব্যবস্থা করে দেবে। কিন্তু এ বিনিময় প্রস্তাবের পর বসুন্ধরা ওই জমিতে ট্রেড সিটি করার ঘোষণা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। ফলে চুনকুটিয়ার জমির মালিক সমিতি আবার আন্দোলনে নামে। জিডি-মামলা, আইন ও পুলিশ: ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও ফৌজদারি আইনজ্ঞ এ এফ এম রেজাউল করিম বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক্করণের আগে আদালতের অনুমতি ছাড়াও পুলিশ জিডির তদন্ত করে প্রতিবেদন দিতে পারত। এখন ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী থানায় কোনো জিডি হলে আদালতের অনুমতি নিয়ে পুলিশকে তদন্ত করতে হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা করার জন্য পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করবে। এটাই নিয়ম।কেরানীগঞ্জ থানার জিআর শাখার উপপরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা প্রথম আলোকে বলেন, চুনকুটিয়া মৌজার জমি নিয়ে বসুন্ধরার বিরুদ্ধে করা জিডির তদন্ত করার জন্য অনুমতি চেয়ে কোনো আবেদন থানার পুলিশ করেনি। ওসি নীলোৎপল দে নিজেও এ প্রতিবেদকের কাছে জিডির বিষয়ে আদালতে না যাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, জিডি পাওয়ার পর পুলিশ সরেজমিন তদন্ত করে প্রতিটি জিডির বিষয়ে থানায় প্রতিবেদন দিয়েছে। অভিযোগের প্রমাণ মেলায় অভিযোগকারীদের মামলা করতে বলা হয়েছে। তিনি বলেন, ‘সাধারণ মানুষ কেউ ভয়ে এককভাবে মামলা করতে চায় না। তাই জমির মালিক কল্যাণ সমিতির নেতাদের বলেছি, মামলা করলে ব্যবস্থা নেব।’ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার বলেছেন, ‘জমি-মালিকদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, তাঁরা জমি ভোগদখলের ক্ষেত্রে কোনো বাধা পেলে তাঁদের পুলিশ আইনগত সাহায্য করবে।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলে পুলিশ সতর্কীকরণ নোটিশ দিয়ে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে থাকে। এ ক্ষেত্রেও উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা জমি-মালিকদের নিরাপত্তার বিষয়টিও দেখছি।’