কেরানীগঞ্জে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।আজ শনিবার দুপুরে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ছয় সদস্যের একটি তদন্ত দল কেরানীগঞ্জে যুদ্ধাপরাধ সংঘটিত স্থানগুলো পরিদর্শন করে এই প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।তদন্ত দলে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, জেয়াদ আল মালুম, আলতাফ উদ্দিন আহমেদ, মোকলেছুর রহমান, কর্মকর্তা আবদুর রাজ্জাক খান এবং জেড এম আলতাফুর রহমান।জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কেরানীগঞ্জের আটি ভাওয়াল খানবাড়ীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামানসহ ১৩ জনকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা করেন। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়। আজ দুপুর ১২টার দিকে তদন্তকারী দল কেরানীগঞ্জে গণকবর ও হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়।মামলার বাদী মোজাফফর আহমেদ খান বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কাদের মোল্লাসহ রাজাকার আলবদররা হানা দিয়ে কেরানীগঞ্জের নিরীহ মানুষদের হত্যা করে ও বাড়িঘর পুড়িয়ে দেন।পরিদর্শন শেষে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের জানান, ১৯৭১ সালের ২ এপ্রিল কেরানীগঞ্জে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নারীদের সভ্রম নষ্ট করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি স্থানে একইভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ট্রাইব্যুনাল অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নিরপেক্ষভাবে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার করা হবে।