কেরানীগঞ্জে রাজউকের বিরুদ্ধে বিক্ষোভ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ শুক্রবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। চুনকুটিয়া ও তেঘরিয়া মৌজায় রাজউক কর্তৃক জমি অধিগ্রহণের প্রতিবাদে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে চুনকুটিয়া কল্যাণ সমিতি ও তেঘরিয়া মৌজার কয়েক শ জমির মালিক অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সাংসদ ও রিহ্যাব সভাপতি নসরুল হামিদ, চুনকুটিয়া কল্যাণ সমিতির সভাপতি হাজি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন প্রমুখ।পরে চুনকুটিয়া সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সাংসদ নসরুল হামিদ বলেন, ‘কেরানীগঞ্জের এক ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না। আপনাদের এ আন্দোলনের সঙ্গে আমিও একমত। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’এস এম লোকমান হোসেন বলেন, দুদিন আগে সাহারা ইন্ডিয়া পরিবার ঢাকা সফর করে গেছে। আমরা জানতে পেরেছি, রাজউক এখানকার জমি অধিগ্রহণ করে সাহারা ইন্ডিয়াকে দেওয়ার চিন্তা করছে। কিন্তু আমাদের জমি কাউকে অধিগ্রহণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে ঢাকা-মাওয়া মহাসড়ক অচল করে দেওয়া হবে।সমিতির সভাপতি হাজি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি মো. শাহজাহান, তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক তামিম আহমেদ প্রমুখ।