কেরানীগঞ্জে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে গত সোমবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পারভেজ তনু ওরফে তনা ওরফে দাদা ভাই (৩০)। তবে র্যাবের দাবি, তনু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র্যাব ও পুলিশের ভাষ্যমতে, তনা একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে একই রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে গুলিতে এক ডাকাত আহত হয়েছে।কেরানীগঞ্জ: র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া দুইটার দিকে র্যাব জানতে পারে, তনা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মুসলিমনগর বালুর মাঠে কয়েকজন সহযোগী নিয়ে সশস্ত্র অবস্থায় বৈঠক করছে। র্যাব সদস্যরা রাত পৌনে তিনটার দিকে সেখানে গিয়ে সন্ত্রাসীদের ঘিরে ফেলে। টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ৩০টি গুলিবিনিময় হয়। ‘বন্দুকযুদ্ধ’ থামলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তনার গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তনার মরদেহ এবং একটি দেশি শটগান ও তিনটি গুলি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা জানান, রাত তিনটার দিকে তারা কয়েকটি গুলির শব্দ পেয়েছেন। তখন ভয়ে বের হননি। ভোরে তারা তনার লাশ দেখতে পান। তনার মৃত্যুতে কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার, আমিনপাড়া ও কৈবর্তপাড়া, খেজুরবাগের লোকজন সকালে আনন্দ মিছিল করে। এলাকাবাসী জানান, তনা ও তার পরিবার আগে দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব গ্রামে থাকত। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তনা ওরফে দাদা ভাই কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনের ছেলে সেলিম, চরকুতুব এলাকার কুদরত ওরফে কুদা ও সূত্রাপুর থানার আরিফ হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও অন্তত দুটি মামলা রয়েছে।নারায়ণগঞ্জ: গতকাল র্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে খবর পাওয়া যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকার একটি মাঠে সাত আটজনের অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে সঙ্গে র্যাবের একটি দল সেখানে যায়। টের পেয়ে ডাকাতেরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাবের এক সদস্য আহত হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মো. মোসলেমকে (৩৫) পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করা হয় গুলিভর্তি একটি জার্মানির তৈরি পিস্তল, একটি চায়নিজ কুড়াল ও লোহার গ্রিল কাটার একটি যন্ত্র। পরে মোসলেমকে নারায়ণগঞ্জের খানপুরে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। র্যাব ও পুলিশ জানায়, মোসলেম সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থানায় পাঁচটি ডাকাতি ও একটি চুরির মামলা রয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।