কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন আহত, গ্রেপ্তার ৩
কেরানীগঞ্জের চুনকুটিয়া সাতপাখি এলাকায় গতকাল শুক্রবার রাতে র্যাবের সঙ্গে এক বন্দুকযুদ্ধে দুই যুবক আহত হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা অপর যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে ওই তিন যুবককে গ্রেপ্তার করে র্যাব।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন হীরা (২৫), হাসান (২২) ও আনোয়ার।র্যাব-১০-এর দাবি, এঁরা ওই এলাকায় ছিনতাই করতেন। এঁদের দমন করতেই র্যাব ওই এলাকায় টহল বাড়িয়েছিল। র্যাব জানায়, গতকাল রাত ১১টার দিকে চুনকুটিয়া এলাকায় একদল যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে র্যাব তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করে। এতে হীরার বাঁ-পায়ের হাঁটুতে এবং হাসানের ডান হাঁটুর নিচে গুলি লাগে। তাঁদের সঙ্গে থাকা আনোয়ার পালিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দেয়। এ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁরা সেখানে চিকিত্সাধীন। র্যাব-১০-এর উপসহকারী পরিচালক শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।