কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাড়গেণ্ডারিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কেরানীগঞ্জ ও পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর (৩০) এবং তাঁর সহযোগী সোহাগ (২৪)। শুক্রবার দিবাগত রাত দুইটা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। র‌্যাব-১০ সূত্র জানিয়েছে, টহলরত অবস্থায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক হত্যা মামলার আসামি জাহাঙ্গীর পাড়গেণ্ডারিয়ার বালুর মাঠ এলাকায় সদলবলে অবস্থান করছেন। র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালালে জাহাঙ্গীরের দল র‌্যাবের টহল দলটির ওপর গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর ও তাঁর সহযোগী সোহাগ নিহত হয়। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও আটটি গুলি উদ্ধার করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মান্নান মুন্সী জানিয়েছেন, জাহাঙ্গীর একজন শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।