কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া বালুর মাঠ এলাকায় শুক্রবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত সন্ত্রাসীরা হলেন পুরান ঢাকা ও কেরানীগঞ্জের শীর্ষস্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর ওরফে টোকাই জাহাঙ্গীর (৩৫) ও তাঁর সহযোগী সোহাগ (২৪)।জাহাঙ্গীর পারগেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাত-আট বছর আগে তিনি এ এলাকা ছাড়েন। সোহাগ দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা জুট মিল কলোনির বাসিন্দা ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সূত্রের ভাষ্যমতে, র্যাবের একটি টহল দল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় যায়। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সন্ত্রাসী জাহাঙ্গীর তাঁর দলবল নিয়ে ওই এলাকার বালুর মাঠে একত্রিত হয়েছেন। র্যাব সদস্যরা ওই এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়েন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটেন। কিছুক্ষণ পর পুলিশ ওই এলাকায় পৌঁছে সন্ত্রাসী জাহাঙ্গীর ও সোহাগের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বন্দুকযুদ্ধে র্যাবের সদস্য হাবিলদার মো. ফারুক হোসেন ও সৈনিক এখলাসুর রহমান আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলভার, একটি পিস্তল ও আটটি গুলি উদ্ধার করেছে।সন্ত্রাসী জাহাঙ্গীরের নিহত হওয়ার খবরে গতকাল শনিবার সকালে পারগেন্ডারিয়া, খেজুরবাগ ও মীরের বাগ এলাকায় তিন শতাধিক লোক আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।খেজুরবাগ এলাকার মাংস বিক্রেতা আজিজুল হক অভিযোগ করেন, জাহাঙ্গীর বাহিনী সপ্তাহ খানেক ধরে তাঁর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকেলে সন্ত্রাসীরা তাঁর দোকানে হানা দিয়ে ক্যাশ বাক্স ভেঙে ১৮ হাজার টাকা লুট করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে জানান, নিহত জাহাঙ্গীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে রাজধানীর সূত্রাপুর, কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা দুজনেই ২০০৩ সালের ৮ মার্চ কেরানীগঞ্জের আলোচিত তিন খুন মামলার আসামি।ওসি আরও জানান, ওই ঘটনায় র্যাব ১০-এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কাশেম বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন।