কেরানীগঞ্জে শিক্ষক খুন, প্রতিবাদে সড়ক অবরোধ
ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্বপাড়া এলাকায় আজ সোমবার সকালে এক শিক্ষককে খুন করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মোস্তফা ভূঁইয়া (৩৮)। তিনি চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। গতকাল রোববার এসএসসি পরীক্ষা চলাকালে নকলে বাধা দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি দল ওই শিক্ষককে হত্যা করতে পারে বলে ধারণা করছেন চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস আলী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-মাওয়া সড়কে চুনকুটিয়া এলাকায় অবরোধ সৃষ্টি করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এতে যান চলাচল বন্ধ রয়েছে।আশপাশের ব্যক্তিদের বরাত দিয়ে প্রধান শিক্ষক কে এম ইলিয়াস আলী প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সাতটার দিকে শিক্ষক মোস্তফা ভূঁইয়ার পূর্বপাড়া এলাকার বাড়িতে যায় কয়েকজন কিশোর। তারা শিক্ষককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।প্রধান শিক্ষক জানান, নিহত মোস্তফা ভূঁইয়া গতকাল এসএসসির পরীক্ষা কেন্দ্র চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ৩১০ নম্বর কক্ষে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি নকলে বাধা দেন। এর জের ধরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে খুন করতে পারে বলে তিনি ধারণা করছেন।নিহত শিক্ষকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের দীঘলদিতে। তাঁর বাবার নাম মিজানুল হক ভূঁইয়া। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।