কেরানীগঞ্জে শিক্ষককে হত্যার অভিযোগে সেই শিক্ষার্থী গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে শিক্ষক মোস্তফা ভূঁইয়া হত্যা মামলার আসামি এসএসসি পরীক্ষার্থী রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা ভূঁইয়াকে গত সোমবার ছুরিকাঘাতে হত্যা করা হয়। তাঁর পরিবার অভিযোগ করে, পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় এসএসসি পরীক্ষার্থী রিয়াদ তাঁকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী লাকি বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান, শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে রিয়াদকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ির মালিক রিয়াদের আত্মীয়।ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) বাসভবনে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি হাবিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এদিকে রিয়াদের গ্রেপ্তারের খবরে গতকাল সকালে চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী আনন্দমিছিল করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস বলেন, ‘আশা করি, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’মানববন্ধন: শিক্ষক মোস্তফা ভূঁইয়া হত্যার ঘটনায় তাঁর পরিবারকে ক্ষতিপূরণ এবং অপরাধীর শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। জোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্যজোট বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া।মানববন্ধনে বক্তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহত শিক্ষকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এ দাবিতে ১৬ ফেব্রুয়ারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির ডাক দেওয়া হয়।