কেরানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা
ঢাকার কেরানীগঞ্জের শিকারীটোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার-পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার রাতে ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয়ের চার-পাঁচ হাজার বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলাটি করেন। মামলায় পুলিশের গাড়ি ভাঙচুর, জননিরাপত্তা বিঘ্ন ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।প্রসঙ্গত, শিকারীটোলায় বিএনপির কার্যালয়ের সামনে গত শুক্রবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের পর পুলিশ শতাধিক ব্যক্তিকে আটক করলেও শুক্রবার রাতে ১৪ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজীব, মোর্শেদ, ইকবাল, হুমায়ন আহমেদ, জাহাঙ্গীর, সোলায়মান, কাজল, গিয়াসউদ্দিন, রনি, শম্ভু চন্দ্র।এদিকে সংঘর্ষের পর কেরানীগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। শিকারীটোলা বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার গতকাল শনিবার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ১৪ জনকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান গতকাল সকালে সাংবাদিকদের জানান, ‘পুলিশ শুক্রবার আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালায়। এরপর তারা অহেতুক আমাদের নেতা-কর্মীদের মারধর করে এবং তাদের আটক করে। পুলিশের আতঙ্কে সাধারণ মানুষও বাড়িতে থাকতে পারছে না।’ তিনি পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান।বিএনপির নেতাদের বক্তব্যে পুলিশের নিন্দা: গতকাল বেলা তিনটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতারা গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ বিনা উসকানিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে বলে বিএনপির নেতারা যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। শুক্রবার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।’পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা: কেরানীগঞ্জে বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।এতে বলা হয়েছে, পুলিশ কোনো বাড়াবাড়ি আচরণ করেনি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।