কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে স্বামী-স্ত্রী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কয়েকজন সন্ত্রাসী ঘরে ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকেই মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শুভাঢ্যা উত্তরপাড়ায় আরমান মিয়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ দুজন হলেন স্বামী আরমান মিয়া (৫২) ও তাঁর স্ত্রী শাফিয়া আক্তার (৪৫)। আরমান মিয়া কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া দারুস সালাম আবাসিক এলাকায় পঞ্চায়েত কমিটির সহসভাপতি।আহত আরমান মিয়া জানান, বেলা ১১টার দিকে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় চার-পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় তাঁর স্ত্রী চিত্কার করলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করেও গুলি করে পালিয়ে যায়। এতে তাঁর বাঁ-হাতে ও স্ত্রীর পেটে গুলি লাগে। আরমান আরও জানান, তাঁর বাড়ির পাশে জনৈক আলিম মিয়ার বাড়িতে মাদক ব্যবসায়ীরা নিয়মিত আড্ডা দেয় এবং মাদক বিক্রি করে। গতকাল বিকেলে তিনি ও সমিতির সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া এর প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে আজ এ গুলির ঘটনা ঘটেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।