কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট
চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া-কদমতলী-বাবুবাজার রোডে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা ধর্মঘট পালন করছেন। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চালকদের অভিযোগ তাঁদের কাছ থেকে বেপরোয়া হারে চাঁদা আদায় করা হচ্ছে। ধর্মঘট আহ্বানকারী চালকেরা জানান, গাড়িপ্রতি তাঁদের ৭০০ টাকা জমা দিতে হয়। এ ছাড়া প্রতিদিন মালিক সমিতির নামে তাঁদের কাছ থেকে ৬০ টাকা আদায় করা হয়। এ ছাড়া চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ডের নামে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন গাড়ি প্রতি দৈনিক ২০ টাকা আদায় করে থাকে। তাই চাঁদা আদায়ের প্রতিবাদে আজ সকাল নয়টা থেকে গাড়ি চালানো বন্ধ রাখা হয়েছে। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কদমতলী স্ট্যান্ডের সাধারণ সম্পাদক আ. সোবহান জানান, মালিকের জমা টাকা দেওয়ার পর তাদের সংসার চালানোর টাকা থাকে না। এ অবস্থায় চাঁদা হিসেবে চালকদের অতিরিক্ত ৮০ টাকা গুনতে হয়।কেরানীগঞ্জ অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. ইস্রাফিল চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জের গাড়ি বাবুবাজার গেলে পুলিশ রেকারে করে নিয়ে যায়। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে।স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন বলেন, ‘কেরানীগঞ্জে সিএনজি স্ট্যান্ড ছিল না। আমরা এখানে স্ট্যান্ড করেছি। স্ট্যান্ডের খরচ হিসেবে ২০ টাকা নেওয়া হয়।’কেরানীগঞ্জ জোনের ট্রাফিক সার্জেন্ট মো. রুহুল মল্লিক জানান, চালক ও মালিকদের দ্বন্দ্বে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। তবে বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে।