কেরানীগঞ্জে সেই ইটভাটা অপসারণের কাজ শুরু
দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাটে ধলেশ্বরীর শাখানদীতে নির্মাণাধীন সেই ইটভাটাটি আজ বৃহস্পতিবার অপসারণের কাজ শুরু হয়েছে। এমবিসি কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন মোল্লা নিজে উপস্থিত থেকে ইটভাটাটি অপসারণের কাজ শুরু করেছেন।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, গতকাল বিকেলে মোসলেম উদ্দিন মোল্লা পরিবেশ অধিদপ্তরে গিয়ে আত্মসমর্পণ করলে তাঁকে ১৪ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে ভরাট করা নদী পুনঃখনন করে নদীর প্রাকৃতিক অবস্থা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকারনামাও নেওয়া হয়।এ মাসের শুরু থেকে সেখানে ৫০ বছরের পুরোনো খেয়াঘাট সরিয়ে দিয়ে নদীর জায়গায় বাঁধ দিয়ে ইটভাটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল এমবিসি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এ নিয়ে প্রথম আলোয় ‘নদী ভরাট করে ইটভাটা!’ শিরোনামে এ-সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন র্যাব-পুলিশের সহায়তায় গতকাল সকালে ইটভাটা বন্ধ করে দেয়। এ সময় এমবিসি ইটভাটা কোম্পানির ব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদারসহ (৫৫) তিনজনকে এবং পরে মালিক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন মোল্লাকে (৫৩) গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর অংশ বা তীর ভরাট বা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এ ধরনের নির্মাণ জলাধার সংরক্ষণ আইন (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ আইনেরও (১৯৯৫) পরিপন্থী। এর পরও ধলেশ্বরীর শাখানদীর তীরে এমবিসি নামক কোম্পানি ইটভাটার নির্মাণকাজ চালাচ্ছিল।