কেরানীগঞ্জে স্বর্ণালংকার-টাকা লুট, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব শুভাঢ্যা কাচারিপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী লিয়াকত আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি সোনা লুট করেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।লিয়াকত আলী জানান, আজ শুক্রবার দুপুরে তাঁর ভাগনি আকলিমা বেগমের বিয়ের অনুষ্ঠান ছিল। এ জন্য রাতের বেলা তাঁদের বাড়িতে ওই বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এমন সময় রাত তিনটার দিকে ৩০-৩৫ জন ডাকাত অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। তারা ঘরের চারটি আলমারি ভাঙচুর করে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ভাগনি তানিয়া বেগম (১৮), বোন জামাই মো. শাহজাহান (৪০) আহত হয়েছেন। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় তাদের বোমার বিস্ফোরণে তাঁর শ্যালক মো. আলম (৩৫) আহত হন।এ ছাড়া ডাকাত দল শুভাঢ্যা পূর্বপাড়া সাবান ফ্যাক্টরির সামনে গার্মেন্টস ব্যবসায়ী মমিন মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা কেটে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।