কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রবিকে (৩৭) গতকাল মঙ্গলবার রাতে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ আজ বুধবার ভোরে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।নিহতের ছেলে মো. আবির (১৯) জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাওতি গ্রামে। তাঁরা বর্তমানে কেরানীগঞ্জে অমৃতপুর এলাকায় কবিরের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর বাবা ড্রেজার ও রিকশার ব্যবসা করতেন। আবিরের দাবি, বেশ কয়েক দিন ধরেই কে বা কারা তাঁর বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে তিনি দাবি করেন।পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোহাম্মদ রবি গতকাল রাত সোয়া একটার দিকে জিঞ্জিরার জনী টাওয়ার এলাকার রিকশা গ্যারেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে অমৃতপুর এলাকার সানরাইজ কিন্ডারগার্টেন এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ আজ বুধবার ভোররাতে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান জানান, তাঁদের সংগঠনের নেতা রবি হত্যার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল হবে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।