কেরানীগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকার কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন। এ ছাড়া লাশ গুম করার অভিযোগে অপর আসামি ফরিদা বেগমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আতিক ওরফে উকিল ও তাঁর স্ত্রী ময়না বেগম এবং আতিকের মা ফরিদা বেগম। জানা যায়, কেরানীগঞ্জ উপজেলার একটি বেসরকারি সংস্থা ‘বিআরডিভি’র কর্মকর্তা ছিলেন কাজী জোহরা খাতুন। আর আসামিরা ছিলেন এই সংস্থাটির সদস্য। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি জোহরা আসামিদের কাছে কিস্তির টাকা আনতে যান। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী জোহরাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে জোহরা খাতুনের লাশ বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় জোহরার স্বামী আবদুল মোতালেব আহমেদ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরেরই ২৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে আজ মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূইয়া আর আসামি পক্ষে আইনজীবী শেখ সালাউদ্দিন আহমেদ।