কেরানীগঞ্জে ৫ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা, আটক ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের শিকারীটোলা এলাকায় গতকাল শুক্রবার বিএনপির কার্যালয়ে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে প্রায় পাঁচ হাজার অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে মামলাটি করেন।পুলিশ জানিয়েছে, বিএনপির ১৪ জন কর্মীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। গতকালের ঘটনার পর থেকে কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে।পুলিশ গতকাল রাতেই বিএনপির ১৪ জন নেতা-কর্মীকে আটক করে। আজ শনিবার বেলা ১১টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গতকাল কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ইউনিয়ন সম্মেলন পণ্ড হয়। সংঘর্ষে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষের সময় সম্মেলনের অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে পুলিশ ঘিরে রাখে। আমানউল্লাহ আমান অভিযোগ করেন, সম্মেলনে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বিএনপির দুই পক্ষে সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়।