কেরানীগঞ্জের কনটেইনার টার্মিনাল জুনে চালু হচ্ছে
রাজধানীর কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত কনটেইনার টার্মিনালটি আগামী জুনে চালু হচ্ছে। আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি এ সময় বলেন, এই টার্মিনাল চালু হলে পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের পর ঢাকায় পৌঁছাতে কখনো কখনো এক মাস সময় লেগে যায়। টার্মিনাল চালু হলে তিন দিনের মধ্যে ঢাকায় পণ্য আনা সম্ভব হবে।বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বাণিজ্যের প্রসার এবং চট্টগ্রাম বন্দরের কাজে গতি বাড়াতে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার তীরে এই নৌ টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৭৫ কোটি টাকা। ৮৮ একর জমির ওপর আধুনিক সুবিধাসহ এই কনটেইনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে নির্মাণ করেছে। টার্মিনালটি পরিচালনা করবে চবক। এটি চালু হলে বছরে এক লাখ ১৬ হাজার কনটেইনার নদীপথে পরিবহন করা যাবে।চবকের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, পানগাঁও হবে দেশের প্রথম নৌপথভিত্তিক টার্মিনাল। এই টার্মিনালের সব অবকাঠামো প্রস্তুত। আগামী জুন মাসে এটি চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে।নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।