কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা দক্ষিণ সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শনে এসেছেন।বিআরটিএ কার্যালয় পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুসংলগ্ন হাসনাবাদ এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েকটি গাড়ির কাগজপত্র যাচাই-বাচাই করেন। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমি আসার পথে ২২টি যানবাহনের কাগজপত্র দেখেছি। এর মধ্যে মাত্র চারটি যানবাহনের কাগজপত্র ঠিক ছিল। বাকি ১৮টির কোনো ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছিল না।’যোগাযোগমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে ফিটনেস ও কাগজপত্রবিহীন কোনো গাড়ি যাতে চলাচল না করতে পারে, সে ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ভয়ে শহরে যানবাহনের সংকট দেখা দিয়েছে। এতে জনগণের সমস্যা হচ্ছে। জনগণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। অভিযান জনগণের স্বার্থেই করা হচ্ছে, যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যে এ সমস্যা আর থাকবে না।’