কেরির সফরকালে তালেবান হামলায় পাঁচ আফগান পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল সোমবার অঘোষিত এক আকস্মিক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করবেন বলে একজন মার্কিন কর্মকর্তা জানান।কেরির সফরকালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় পুলিশের পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।মার্কিন ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, ২০১৪ সালের শেষনাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীকে সরিয়ে নেওয়ার আগে দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে দুই দেশই আশাবাদী। কেরির সফরকালে আফগান বাহিনীর হাতে দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর, আফগানিস্তানের নির্বাচনসহ দুই দেশের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।ন্যাটোর বিমান হামলায় বেসামরিক লোকজনের মৃত্যু, রাত্রিকালীন অভিযান ও বন্দী হস্তান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কথা মেনে নিয়ে মার্কিন ওই কর্মকর্তা বলেন, ওয়ারদাক প্রদেশ থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার চুক্তিসহ তারা বেশ কিছু সমস্যা কাটিয়ে উঠেছেন বলে তিনি বিশ্বাস করেন।সম্প্রতি কারজাই অভিযোগ করেন, আফগানিস্তানে বিদেশি বাহিনীকে বহাল রাখতে ওয়াশিংটন তালেবানের সঙ্গে গোপন আঁতাত করছে। এতে পাকিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সফর ভেস্তে যায়।মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, জন কেরি এই সফরকালে পাকিস্তানে যেতে চেয়েছিলেন। কিন্তু আগামী মে মাসে দেশটির নির্বাচন থাকায় তিনি এ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তালেবানের হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহতজালালাবাদে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করে তালেবানের একজন মুখপাত্র জানান, নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদে পুলিশ সদর দপ্তরে সাতজন এই আত্মঘাতী হামলা চালায়। এর মধ্যে একজন বিস্ফোরকদ্রব্য দিয়ে একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। তিনজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। বাকি তিনজন হামলাকারী পুলিশ সদর দপ্তরের পাশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।তালেবানের পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলার মূল লক্ষ্য ছিল জালালাবাদে আফগান পুলিশদের প্রশিক্ষণের জন্য বিদেশি ও ইসরায়েলি শিক্ষকেরা।এর আগে গত ডিসেম্বরে তালেবানরা জালালাবাদে মার্কিন-আফগান যৌথ বিমানঘাঁটিতে হামলা চালায়। এতে আফগানিস্তানের চারজন সদস্য ও ন্যাটোর বেশ কয়েকজন সেনা আহত হয়।দেশে ফিরবে অস্ট্রেলীয় বাহিনীচলতি বছরের শেষনাগাদ আফগানিস্তান থেকে দেশে ফিরে যাবে বেশির ভাগ অস্ট্রেলীয় সেনা। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ এ কথা জানান। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের তারিন কাউত জেলায় থাকা আন্তর্জাতিক সেনাঘাঁটি বন্ধ করে দেওয়ার পর অস্ট্রেলীয় সেনারা দেশে ফিরে যাবে। আজ এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আফগানিস্তানে বর্তমানে এক হাজার ৫৫০ জন অস্ট্রেলীয় সেনা রয়েছে। এ বছরের শেষ দিকে এক হাজার সেনাকে ফিরিয়ে নেওয়া হবে। অন্যরা ২০১৪ সাল পর্যন্ত কাবুল ও কান্দাহারে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে।অস্ট্রেলিয়া ও আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এ বছরের শেষনাগাদ এই ঘাঁটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।