কেরুর এমডির ওপর হামলার ঘটনায় ছয়জন বরখাস্ত
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম সুদর্শন মল্লিকের ওপর হামলার ঘটনায় পরিচালনা পরিষদ সিবিএর সভাপতিসহ ছয় শ্রমিক-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। আজ রোববার দুপুরে এমডি সুদর্শন মল্লিক ওই আদেশে স্বাক্ষর করেন। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আজিজুল হক ও তাঁর ছেলে ফিরোজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও তাঁর ছেলে সৌমিক হাসান, সেলিম খান ও মতিয়ার রহমান। তাঁরা সবাই কেরুর শ্রমিক-কর্মচারী।গতকাল শনিবার সকাল পৌনে নয়টায় সিবিএর সভাপতি আজিজুল হক তাঁর অনুসারী শ্রমিকদের নিয়ে এমডির কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং এমডিকে মারধর করেন। ওই ঘটনায় সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) আকরাম হোসেন বাদী হয়ে শনিবার রাতে আজিজুল হকসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি সৌমিক হাসানকে গ্রেপ্তার করে।