কেলেঙ্কারির অপবাদ মাথায় নিয়েই বিদায় নিতে হচ্ছে যুক্তরাজ্যের সর্বাধিক পঠিত সংবাদপত্র নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে। পত্রিকাটির ১৬৮ বছরের পথচলা থেমে যাবে কাল রোববার, যখন পাঠক হাতে পাবেন এর শেষ কপিটি।এদিকে হাজার হাজার মানুষের ফোনে আড়ি পাতার অভিযোগে পত্রিকার সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। কুলসন কিছুদিন আগ পর্যন্ত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র ছিলেন। এমন একজন ব্যক্তিকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে চরম চাপে পড়েছে ক্যামেরন সরকার।চাঞ্চল্যকর খবরের উপাদান সংগ্রহের জন্য পত্রিকাটি অপ্রাপ্তবয়স্ক থেকে শুরু করে ইরাক-আফগানিস্তান যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাসদস্য ও লন্ডনে ৭/৭ বোমা হামলার শিকার পরিবারগুলোর সদস্যদের ফোন ‘হ্যাক’ করেছিল।পত্রিকা বন্ধের ঘোষণা: ফোনে আড়ি পাতার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরপরই অনেক ব্যবসাপ্রতিষ্ঠান নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এরপর গত বৃহস্পতিবার মালিক প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনালের প্রধান জেমস মারডক পত্রিকা বন্ধের ঘোষণা দেন। জেমস মারডক সুপরিচিত ‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডকের ছেলে। মালিকের এ ঘোষণাকে ‘পারমাণবিক বোমা’র সঙ্গে তুলনা করেছেন পত্রিকাটির কর্মীরা।রোববার পত্রিকার শেষ সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়ে জেমস মারডক বলেন, ‘অন্যায় কর্মকাণ্ডের কারণে পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। শেষ সংখ্যায় কোনো বিজ্ঞাপন থাকবে না। এদিনের বিক্রির অর্থ ব্যয় করা হবে দাতব্য কাজে।’এ ঘোষণার পর গণমাধ্যম বিশেষজ্ঞদের ধারণা, এখন যুক্তরাজ্যে নিজের টেলিভিশন চ্যানেল বিস্কাইবির দিকে পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন মারডক বাপ-বেটা। এ ছাড়া দেশটির সবচেয়ে বেশি বিক্রীত দৈনিক ট্যাবলয়েড দ্য সান-এর প্রতিও তাঁরা আরও বেশি মনোযোগ দিতে পারবেন।তার পরও বিশেষজ্ঞরা বলছেন, মারডকরা পত্রিকা বন্ধ করে দিলেও সংবাদপত্রের স্বাধীনতা, নৈতিকতা এবং পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি-অনিয়ম নিয়ে যে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে, শিগগিরই তার ইতি ঘটছে না। বরং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ঘটনার আরও গভীরে প্রবেশ কেবল শুরু।সম্পাদক গ্রেপ্তার: নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ লন্ডনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুলসনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন।এর পর পরই দক্ষিণ লন্ডনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় পত্রিকাটির আরেক সাবেক সম্পাদক ক্লাইভ গুডম্যানকে। তিনি নিউজ অব দ্য ওয়ার্ল্ডে-এর রাজপরিবারবিষয়ক সম্পাদক ছিলেন। ফোনে আড়ি পাতার দায়ে ২০০৭ সালে তিনি জেলও খেটেছেন।প্রধানমন্ত্রীর বক্তব্য: পত্রিকা বন্ধের ঘোষণা এবং সাবেক সহযোগী কুলসন গ্রেপ্তার হওয়ায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল সংবাদ সম্মেলন ডাকেন। এ সময় কুলসন সম্পর্কে ক্যামেরন বলেন, ‘কুলসন আমার বন্ধু মানুষ। আর আমি মনে করি, তিনি খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এখনো আমার বন্ধুই থাকবেন।’কুলসনকে ২০০৭ সালে নিজের দলের গণসংযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেন ক্যামেরন। তবে কিছু দিন আগে কুলসন এ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁকে নিয়োগ দেওয়া ভুল ছিল কি না, জানতে চাইলে ক্যামেরন বলেন, ‘জনগণই বলবে ঠিক না ভুল। ..আমি এ নিয়োগের দায়িত্ব স্বীকার করি।’প্রধানমন্ত্রী জানান, ফোনে আড়ি পাতার ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে। একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তারা নিউজ অব দ্য ওয়ার্ল্ডে-এর ঘটনা তদন্ত করে দেখবে এবং অন্য পত্রিকাগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে ঘটনা তদন্তে পুলিশের ব্যর্থতার বিষয়টিও খতিয়ে দেখবে।আরেকটি কমিটি গঠন করা হবে গণমাধ্যমের নীতি-নৈতিকতা ও সংস্কৃতির বিষয়গুলো পর্যালোচনা করে দেখতে। ক্যামেরন বলেন, ‘আমার মনে হয়, আমাদের সম্পূর্ণ একটি নতুন পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন।’দুই দিন আগে পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড বলেছিলেন, মারডকের প্রতিষ্ঠান টেলিভিশন চ্যানেল বিস্কাইবির পুরো নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ কেলেঙ্কারির পর তা ঠেকানো উচিত।এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরন বিরোধীদলীয় নেতার ওই প্রস্তাব নাকচ করে দেন।যেসব অভিযোগ: অভিযোগ উঠেছে, নিউজ অব দ্য ওয়ার্ল্ড হাজার হাজার মানুষের ফোনে আড়ি পেতেছে ভেতরের খবর পাওয়ার জন্য। এর মধ্যে ২০০২ সালে মিলি ডাওয়ার নামের এক কিশোরী নিখোঁজ হয়। তখন পুলিশকে অর্থ দিয়ে তার ফোনে আড়ি পাতে পত্রিকাটি। পরে জানা যায়, আড়ি পাতার আগেই খুন হয়েছিল মেয়েটি।শুধু এই একটি নয়, অনেক খুন-ধর্ষণ ও সন্ত্রাসবাদী হামলার ঘটনায় হতাহতদের আত্মীয়স্বজনদের ফোনেও আড়ি পাতে নিউজ অব দ্য ওয়ার্ল্ড। এর মধ্যে আছে ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে পাতাল রেল ও বাসে জঙ্গি হামলা।এ ছাড়া সম্প্রতি জানা যায়, ইরাক ও আফগানিস্তানে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারের সদস্যদের ফোনে আড়ি পেতেছিল পত্রিকাটি। এসব কাজে ও তথ্য পেতে পুলিশকে তারা ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।বিশেষ করে ট্যাবলয়েড পত্রিকাগুলো কখনো কখনো নামীদামি তারকাদের ফোনে আড়ি পেতে থাকে। কিন্তু সাধারণ মানুষের ফোনে আড়ি পেতে তথ্য বের করায় পত্রিকা বা গণমাধ্যমের নীতি-নৈতিকতার প্রশ্নটি সামনে চলে এসেছে।পত্রিকার ইতিহাস: ১৮৪৩ সালে প্রথম প্রকাশিত হয় নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ট্যাবলয়েড পত্রিকাটি প্রকাশিত হতো প্রতি রোববার। এটিই ছিল যুক্তরাজ্যের সর্বাধিক পঠিত সংবাদপত্র। বিক্রি হতো ২৬ লাখ কপি। সব মিলিয়ে পাঠক ছিল প্রায় ৭৫ লাখ।