কেলেঙ্কারির দায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের
হলমার্কের ঋণ কেলেঙ্কারির সব দায় ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বলে দাবি করেছেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাশেম হুমায়ুন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।কাশেম হুমায়ুন বলেন, এ বিষয়ে পরিচালনা পর্ষদের কোনো কিছুই করার ছিল না। কারণ, ঋণ থেকে শুরু করে কোনো কিছুই পরিচালনা পর্ষদের কাছে কখনোই উপস্থাপন করা হয়নি।তিনি জানান, ঋণ কেলেঙ্কারির সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভুলে দেড় বছর ব্যাংকে নিয়মিত অডিট বন্ধ ছিল।সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের এই সদস্য বলেন, কোনো একটি শাখায় ব্যবস্থাপক সর্বোচ্চ তিন বছর থাকার মেয়াদ রয়েছে। কিন্তু সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখায় ব্যবস্থাপক তাঁর নির্ধারিত সময়ের বেশি কেন ছিলেন?এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না।’হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদে আজ দুর্নীতি দমন কমিশনে (দুদক) সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের অবশিষ্ট পাঁচ সদস্যের মধ্যে তিনজন হাজির হয়েছেন।তাঁরা হলেন: আইআরডির অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. সহিদ উল্লা মিয়া, সাংস্কৃতিক নেতা ও সাংবাদিক কাশেম হুমায়ুন, ব্যবসায়ী সাইমুম সরওয়ার।জিজ্ঞাসাবাদ শেষে সহিদ উল্লা মিয়া সাংবাদিকদের এড়িয়ে দুদক কার্যালয় ত্যাগ করেছেন।ব্যাংকের পরিচালনা পর্ষদের বাকি দুই সদস্য আজ দুদকে আসেননি। তাঁরা হলেন: পর্ষদের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত।বাহারুল ইসলাম তাঁর প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছেন তিনি অসুস্থ। তিনি দুদকের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন। অপরদিকে প্রদীপ কুমার দত্ত তাঁর প্রতিনিধির মাধ্যমে দুদকে লিখিত বক্তব্য পাঠিয়েছেন।রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে সংস্থার উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু করে।গতকাল বুধবার যাঁদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, তাঁরা হলেন ব্যবসায়ী সুভাষ সিংহ রায়, আইনজীবী সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, শিক্ষিকা জান্নাত আরা হেনরী, পোশাকশিল্প সমিতির সাবেক সহসভাপতি কে এম জামান, সিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশের সাবেক সভাপতি এ এস এম নাঈম।