কেলেঙ্কারির নাম হল-মার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অখ্যাত প্রতিষ্ঠান ছিল হল-মার্ক। কিন্তু সোনালী ব্যাংকের রূপসী বাংলা (ভূতপূর্ব ঢাকা শেরাটন হোটেল) শাখা থেকে কারসাজি-ফন্দিফিকির করে তারাই বের করে নিয়েছে দুই হাজার ৬৬৭ কোটি টাকা। ব্যাংকারদের যোগসাজশও পরিষ্কার হয়েছে। গণমাধ্যমে এ তথ্য ফাঁস হওয়ার পর এখন সারা দেশই জেনে গেছে হল-মার্ক ও তার মূল উদ্যোক্তা তানভীর মাহমুদের নাম। ব্যাংক খাতে এযাবৎকালে দেশের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির নাম এখন হল-মার্ক কেলেঙ্কারি। একটি ব্যাংকের একটি শাখায় একটি অখ্যাত কোম্পানির এই পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা বিশ্বে আর কোথাও ঘটেছে বলে ব্যাংকিং খাতের কেউ বলতে পারেননি।বাংলাদেশে এর আগে বিভিন্ন সময় ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও অঙ্কের বিচারে এটি সর্ববৃহৎ। এর আগে ২০০৭ সালে চট্টগ্রামের এক অখ্যাত ব্যবসায়ী নুরুন্নবী বন্দরনগরের বিভিন্ন ব্যাংক থেকে স্থানীয় ঋণপত্রের (এলসি) স্বীকৃতিপত্র দিয়ে বের করে নেন ৬২২ কোটি টাকা। সোনালী ব্যাংকের ‘হল-মার্ক কেলেঙ্কারি’ ও অর্থ জালিয়াতির ঘটনা সব অতীতকে হার মানিয়েছে। ভুয়া ঋণপত্র (লোকাল এলসি) স্থাপন করে, কিংবা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সঙ্গে ঋণপত্রের মাধ্যমে ভুয়া লেনদেন দেখিয়ে, তৈরি বিলের নিশ্চয়তা দিয়ে এই বিপুল অর্থ বের করে নেয় হল-মার্ক।প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে এ তথ্য প্রথম প্রকাশ হয় ২৪ মে। কিন্তু, সমসাময়িক সময়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনেও বিষয়টি উঠে আসে। আগস্টের শেষ ভাগে এসে অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এ ঘটনায় সোনালী ব্যাংকের পর্ষদ দায়িত্ব এড়াতে পারে না এবং ব্যাংক কোম্পানি আইনের বিধি অনুসারে ব্যবস্থা নিতে পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু, অর্থমন্ত্রী গণমাধ্যমের কাছে বক্তব্য দিতে গিয়ে বলেন, এটি বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারের মধ্যে পড়ে না। এ নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। প্রশ্নবোধক হয়ে পড়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের ভূমিকা ও অর্থমন্ত্রীর বক্তব্য। এ পর্যায়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হল-মার্ক কেলেঙ্কারির তথ্য-উপাত্ত পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।পরে দুদক এই মামলায় ২৭ জনের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলাম, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানসহ মোট আটজন বর্তমানে কারাগারে রয়েছেন।অন্যদিকে হল-মার্কের জালিয়াতির টাকা আদায়ের বিষয়ে কোনো অগ্রগতি এখনো নেই। গ্রাহকের আবেদনে ব্যাংক বাস্তবায়িত না হওয়া কিছু এলসি বাতিল ও রপ্তানির বিপরীতে প্রত্যাবাসিত হয়ে আসা অর্থ সমন্বয় করেছে। এর বাইরে হল-মার্কের কিছু জমি ব্যাংকের নামে গচ্ছিত রয়েছে। মনজুর আহমেদ