কেলেঙ্কারির পাকে মার্কিন জেনারেলরা
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন জেনারেলদের অবৈধ যৌন সম্পর্ক স্থাপন, দায়িত্বে অবহেলা, কাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নাকাল। ঘুরিয়ে বলা যায়, মার্কিন জেনারেলরা এখন কেলেঙ্কারির পাকে আটকে কঠিন এক দুঃসময় পার করছেন।এমন এক সময়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ঘোষণা করেছেন, অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর আরেকজন জেনারেলের পদাবনতি ঘটানো হচ্ছে।প্যানেট্টা এখন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে অস্ট্রেলিয়া ভ্রমণ করছেন। সেখানে তাঁরা অস্ট্রেলিয়ার মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। রয়টার্স বলছে, প্যানেট্টা আজ বুধবার সাংবাদিকদের জানান, করদাতাদের অর্থ অপচয় করে প্রমোদভ্রমণ করার দায়ে একজন চার-তারকা জেনারেলের পদাবনতি হচ্ছে। অপচয় করা অর্থ ওই জেনারেলের বেতন থেকে কেটে নেওয়া হবে বলেও নিশ্চিত করেন প্যানেট্টা।আফ্রিকায় নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর সাবেক প্রধান অধিনায়ক জেনারেল উইলিয়াম ওয়ার্ডের পদাবনতি ঘটিয়ে তাঁকে তিন-তারকা জেনারেল করা হচ্ছে।পেন্টগনের ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে গঠিত তদন্ত দল জানিয়েছে, ওয়ার্ডের বিরুদ্ধে ব্যক্তিগত বিমানে বারমুডায় গিয়ে তেল ভরার অজুহাতে স্ত্রীকে নিয়ে রাত কাটানোসহ বিভিন্ন কাজে করদাতাদের অর্থ অপচয়ের সত্যতা মিলেছে। অবৈধ ভ্রমণ, সামরিক বিমানের অপব্যবহার এবং আওতার বাইরে জনবল ব্যবহারের জন্য পেন্টাগন ওয়ার্ডকে ৮২ হাজার ডলার জরিমানা করেছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ওয়ার্ডকে তিন-তারকা জেনারেলে পদাবনতি করা হলেও তিনি অবসর জীবনে প্রতিবছর তিন লাখ ডলারের স্থলে দুই লাখ ডলার পেনশন পাবেন।গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুজন শীর্ষ জেনারেলের বিরুদ্ধে অবৈধ যৌন সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। নিজের জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্বন্ধের জেরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালকের পদ থেকে গত শুক্রবার সরে দাঁড়ান ডেভিড পেট্রাউস। এর আগে তিনি আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সত্ ও বীর হিসেবে তাঁর খ্যাতি আছে পশ্চিমা জগতে। ঘটনা এখানেই থেমে থাকেনি। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেনের বিরুদ্ধেও তদন্ত শুরু হয় গত রোববার। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অ্যালেনের বাসায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র জব্দ করে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, অ্যালেনের বিরুদ্ধেও তদন্ত চলছে। পেট্রাউসকে ঘিরে যে গল্প তৈরি হয়েছিল, এবার এর ডালপালা ছড়ায়। দুজন জেনারেল, একজন অভিজাত নারী, তাঁর প্রতিপক্ষ এবং যমজ বোনকে ঘিরে এক জটিল ও রহস্যময় গল্পের সৃষ্টি হয়।আফগানিস্তানে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের প্রধান জেনারেল জন অ্যালেনকে ইউরোপে অবস্থান করা মার্কিন বাহিনীর প্রধান হিসেবে নিয়োগের সব কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। অপেক্ষা ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার। কিন্তু অ্যালেনের এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরের অভিজাত নারী জিল কেলির মধ্যে আদান-প্রদান হওয়া অনেক ই-মেইল প্রকাশিত হলে ওবামা অ্যালেনের পদোন্নতি স্থগিত করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ই-মেইলগুলো খুব গুরুতর না হলেও বেশ ‘প্রণয় চপলতায় ভরা’।অবশ্য ৫৮ বছর বয়সী অ্যালেন দাবি করেছেন, তিনি অন্যায় কিছু করেননি। সংকটাপন্ন চাকরি ঠিক রাখতে এ কাজ করেছেন।৩৭ বছর বয়সী কেলি সামরিক বাহিনীর কোনো পদে কর্মরত না থাকলেও ফ্লোরিডার সেনাসদরের বিভিন্ন ভোজে নিয়মিত উপস্থিত থাকতেন। প্যানেট্টার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এখনো রহস্যঘেরা কাহিনির কেন্দ্রে চলে আসেন কেলি। তাঁর অন্যতম পরিচয় হলো, তিনি পেট্রাউসের পারিবারিক বন্ধু। অথচ পেট্রাউসের পতনের জন্যও দায় তাঁর। কেলি অভিযোগ করেন, পেট্রাউসের একসময়ের প্রণয়ী এবং তাঁর জীবনীকার পলা ব্রডওয়েল বিভিন্ন সময়ে তাঁকে নিপীড়নমূলক ই-মেইল পাঠাচ্ছেন—এ সূত্রে তদন্ত শুরু করে এফবিআই। বের হয়ে আসে অজানা তথ্য। ব্রডওয়েলের সঙ্গে প্রেম যখন ফিকে হয়ে আসছে, সে সময়ই পেট্রাউস কেলির দিকে মনোযোগ দিতে শুরু করেন। বিষয়টি ব্রডওয়েলের দৃষ্টি এড়ায়নি। জলের মতোই সব পরিষ্কার হয়ে যায় তাঁর কাছে। ঈর্ষা বাড়তে থাকে তাঁর। চার মাস আগে পেট্রাউসের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর কেলির প্রতি তাঁর ঈর্ষা তুঙ্গে ওঠে। এ কারণে তিনি মাঝেমধ্যে কেলিকে আজেবাজে ভাষায় ই-মেইল পাঠাতেন। এফবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পেট্রাউসের সঙ্গে ব্রডওয়েলের সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়। ওবামা পেট্রাউসকে ফোন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। পেট্রাউসও বিষয়টি স্বীকার করে গত শুক্রবার পদত্যাগ করেন। কিন্তু, কেলির ই-মেইল পরীক্ষা করতে গিয়ে এফবিআই কেলির সঙ্গে অ্যালেনের সম্পর্ক বিষয়ে অবহিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অ্যালেন ও কেলির সম্পর্কটি ‘অবৈধ’, কারণ দুজনই বিবাহিত।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জিল কেলি নামের এক নারীর সঙ্গে জেনারেল অ্যালেনের যোগাযোগের ২০ থেকে ৩০ হাজার পৃষ্ঠা নথি খুঁজে পেয়েছে এফবিআই। এর মধ্যে বেশির ভাগই ই-মেইল বার্তা। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে এসব বার্তা চালাচালি করেন তাঁরা। আরেক জ্যেষ্ঠ মার্কিন জেনারেল বার্তা সংস্থা এপিকে জানান, অ্যালেন ও কেলির ওই সব বার্তা কোনো যৌন বা কামুক সম্পর্কের ইঙ্গিত বহন করে না। তবে ‘প্রিয়া’ ও ‘প্রিয়তম’ শব্দের মতো কিছু শব্দের ব্যবহার আছে, যেগুলো সাধারণত বিশেষ সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যালেন ও কেলির কথোপকথনে মন্দ কিছু নেই, তবে দায়িত্ব পালনে সচেতন কোনো ব্যক্তির কাছে মনে হতে পারে, এ ধরনের শব্দ ব্যবহার ‘অপেশাদারমূলক’।গতকাল মঙ্গলবার পেট্রাউস-কেলি-অ্যালেনের কাহিনি আরও জটিল হয়ে ওঠে, যখন জানাজানি হয় যে পেট্রাউস এবং অ্যালেন দুজনই কেলির যমজ বোন নাটালি খাওয়ামের জন্য আদালতকে চিঠি দিয়েছেন। খাওয়ামের বিবাহবিচ্ছেদ হওয়ার পর ২০১১ সালে একটি মার্কিন আদালত খাওয়ামকে তাঁর তিন বছর বয়সী সন্তানের অভিভাবকত্ব দিতে রাজি হননি। আদালত তাঁর রায়ে জানান, ‘পরিবার, কর্মচারী ও পরিচিত লোকদের জন্য যে সততা ও নিষ্ঠা থাকা দরকার, তার প্রতি খাওয়ামের কোনো শ্রদ্ধা বা উপলব্ধি নেই।’ রায়ের আগে খাওয়ামকে সন্তানের অভিভাবকত্ব দিতে অনুরোধ জানিয়েছিলেন পেট্রাউস ও অ্যালেন। তবে খাওয়ামের সঙ্গে জেনারেলদের সম্পর্ক কী, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।পেট্রাউস ও তাঁর স্ত্রী হলির দীর্ঘদিনের পারিবারিক বন্ধু জিল কেলি। পেট্রাউস ২০০৮-১০ সালে টাম্পার মার্কিন সামরিক ঘাঁটির প্রধান ছিলেন। সে সময় ঘাঁটির সেনা সদস্যদের পরিবারগুলোর সামাজিক যোগাযোগ কর্মকর্তা হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করতেন কেলি। কেলি তাঁর বাসায় পেট্রাউসের সম্মানে এক ভোজের আয়োজন করলে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। কেলিকেও বিভিন্ন ভোজে আমন্ত্রণ জানান পেট্রাউস। সাধারণত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে এমন ভোজ খুব নিয়মিত ঘটনা। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এসব ভোজে আমন্ত্রণ জানানো হয়। এঁরা সেনাবাহিনীকে চাঁদাসহ বিভিন্ন নৈতিক সহায়তা দিয়ে থাকেন। একসময় কেলিকে সেনাবাহিনীর ‘অবৈতনিক দূত’ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী ছাড়ার কয়েক দিন আগে পেট্রাউস কেলি ও তাঁর স্বামীকে পেন্টাগনের এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃতও করেন। তবে এখন পর্যন্ত কেলির সঙ্গে পেট্রাউসের কোনো অবৈধ সম্বন্ধের কথা জানা যায়নি। এসব ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার যে মার্কিন সেনাবাহিনীর জেনারেলদের ওপর নজরদারি চলছে। কবে থেকে এসব শুরু হয়েছে, তা জানা না গেলেও, সামনে যে নতুন নতুন বিস্ময় অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।এসব ঘটনা সেনাবাহিনীর জন্য কলঙ্ক না হলেও, সুসংবাদ নয়। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানান, পেট্রাউসের ঘটনায় খুবই অবাক হয়েছেন ওবামা এবং তিনি এসবকে মোটেই ‘স্বাগত’ জানাবেন না।মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পুরোনো। তবে অর্থ তছরুপের মতো কেলেঙ্কারির জানাজানি এবারই প্রথম। যত তাড়াতাড়ি সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরে আসে, ততই মঙ্গল।