কেশবপুরে অবাধে বিক্রি হচ্ছে পলিথিন হুমকিতে জনস্বাস্থ্য
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও যশোরের কেশবপুরের হাটবাজারগুলোয় অবাধে পলিথিনের ব্যাগ বিক্রি করা হচ্ছে। সবজির দোকান থেকে শুরু করে সব ধরনের পণ্য বিক্রির দোকানের কর্মচারীরা ক্রেতাদের হাতে পলিথিনের ব্যাগ তুলে দিচ্ছেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে পলিথিনের ব্যাগের ব্যবহার জনস্বাস্থ্যের প্রতি হুমকির সৃষ্টি করেছে।স্থানীয় একটি কলেজের শিক্ষক আবদুল জব্বার ১৯ অক্টোবর উপজেলার গোহাটা কাঁচাবাজারে সবজি কিনতে যান। ওই দিন তিনি বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কেজি সবজি কেনেন। এ সময় ওই ব্যবসায়ী পলিথিন ব্যাগে ভরে সবজি দেওয়া শুরু করলে কলেজশিক্ষক বাধা দেন। পরে ওই ব্যবসায়ী তাঁকে অন্য একটি ব্যাগে সবজি দিতে বাধ্য হন।পরিবেশ সংরক্ষণের স্বার্থে সরকার ২০০২ সালের ১ জানুয়ারি থেকে রাজধানী ঢাকায় এবং একই বছরের ১ মার্চ থেকে সারা দেশে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করে। ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই আইন ভাঙার জন্য কারাদণ্ড ও আর্থিক দণ্ডের বিধান আছে।অনুসন্ধানে জানা গেছে, দেশীয় কারখানায় উৎপাদিত পলিথিন ছাড়াও ভারত থেকে চোরাইপথে কেশবপুর উপজেলার হাটবাজারগুলোয় পলিথিন চলে আসছে। সহজলভ্যতার কারণে পলিথিনের ব্যবহার এখন আগের মতোই রয়ে গেছে। ওষুধ, ফল, মিষ্টিসহ যেকোনো পণ্য কিনতে গেলে এই পলিথিন ব্যাগ দেওয়া হচ্ছে।কেশবপুর বাজারের মুদির দোকানদার অলোক সাহা জানান, সর্বত্রই পলিথিন পাওয়া যাচ্ছে। গুঁড়ো দুধ, লবণ, চিনি, সোডা—এ ধরনের পণ্য বিক্রি করতে গেলে পলিথিন ব্যাগে দিতে হয়। এসব পলিথিন ব্যাগ এখন খুলনা, যশোরসহ বড় বড় মোকামে পাওয়া যাচ্ছে। এমনকি দোকানে বসেও পলিথিন পাওয়া যায়।ব্যবসায়ী মিঠু দত্ত বলেন, ‘সর্বত্রই পলিথিনের ব্যবহার শুরু হওয়ায় কোনো কোনো ক্রেতা পলিথিনে মাল চাচ্ছেন। আমরা পলিথিন ব্যবহার ও বিক্রি করি না বললে অনেক ক্রেতা ফিরেও যাচ্ছেন।’খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরায় কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে পলিথিন আসছে। এই পলিথিন সরোসকাঠী বাজার থেকে কেশবপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। আড়াই কেজি ওজনের এক বান্ডিল পলিথিন সাড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারিভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় পলিথিন ব্যাগের বিক্রি ও ব্যবহার বাড়ছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা বলেন, ‘পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা না মানলে পলিথিন বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম পর্যায়ে ব্যবসায়ী সমিতিকে ব্যবস্থা নিতে বলব।’